দাবি আদায়ে টানা তৃতীয় দিন বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

বাকৃবি প্রতিনিধি:

প্রাণিসম্পদ অধিদপ্তরের সর্বশেষ নিয়োগ বিধিমালায় সকল পদে ডিভিএম ডিগ্রিকে অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে টানা তৃতীয় দিনের মত ক্লাস পরীক্ষা বর্জন ও আন্দোলন করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।

আজ ৭ জুন (বুধবার) ১২ টার সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন আমতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিন শেষে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গাড়ির টায়ারে অগ্নিসংযোগ করে। একইসাথে প্রশাসনিক ভবন, ভেটেরিনারি অনুষদের ক্লাসরুম ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

উল্লেখ্য যে, গত ৩০ মে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত প্রজ্ঞাপনে সম্প্রসারণ কর্মকর্তা, পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার, এনিম্যাল প্রোডাকশন কর্মকর্তা, পশুপালন কর্মকর্তা, জ্যু অফিসার পদগুলোতে ভেটেরিনারি সাইন্স এন্ড এনিম্যাল হাজবেন্ড্রি ডিগ্রী নিয়ে নিয়োগের যোগ্যতা থাকলেও ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ডিগ্রির কথা উল্লেখ নেই।

ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জন রেখেছে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।

  •  
  •  
  •  
  •