সড়ক দুর্ঘটনায় বাকৃবি শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফরিদ উজ জামান নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুন) আনুমানিক রাত ১০ টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ বিশ্ববিদ্যালয়ের ঈসা খা হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় ফরিদের বাসা নেত্রকোনা জেলার পূর্বধলায়। ফরিদের বাবা হার্টের অসুখে আক্রান্ত। বাবাকে ময়মনসিংহে ডাক্তার দেখানোর পর ফরিদ ও তার বাবা রাতের বেলা সিএনজিতে করে তাদের বাসায় ফিরছিল।

এসময় যাত্রাপথে সিএনজির সাথে ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে গুরুতর আহত হয় ফরিদ। তার বাবার মাথায় আঘাত লাগে এবং সিএনজিতে অবস্থানরত আরো দুইজন আহত হন। পরবর্তীতে তাদেরকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যায় ফরিদ। ফরিদের বাবা এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সর্বশেষ পাওয়া তথ্যমতে ফরিদের লাশ তার বাসায় পাঠানো হয়েছে। শুক্রবার বাদ জুম্মা তার জানাজা অনুষ্ঠিত হবে।

  •  
  •  
  •  
  •