জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
নিউজ ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়।
বিকেল ৪টা ৪০ মিনিটে ষষ্ঠ শিফটের মধ্য দিয়ে তৃতীয় দিনের পরীক্ষা শেষ হবে।
কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, এ বছর ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে লড়াই করবে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বে ১৩৬ জন।
গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে। উপস্থিতির হার ‘এ’ ইউনিটের সব শিফটের পরীক্ষা শেষে জানাতে পারব। তবে উপস্থিতির পরিমাণ বেশ ভালো। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এবারের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বুধবার (২১ জুন) ও বৃহস্পতিবার (২২ জুন) দু’দিনে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের আসন সংখ্যা ৩১০টি। আবেদনকারীর সংখ্যা ৭৬ হাজার ৬৪ জন।

