জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মোস্তফা ফিরোজ

নিউজ ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ।

বুধবার (১২ জুলাই) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মোছা. রোখছানা বেগমের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে  নিয়োগ করা হলো। উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মোস্তফা ফিরোজ উপ-উপাচার্য পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি সহ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ ১৯৯২ সালে প্রভাষক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তিনি বাংলাদেশের বন্যপ্রাণীর শিক্ষা, গবেষণা ও সংরক্ষণে অসামান্য অবদানের জন্য জাতীয় পুরস্কার  `বঙ্গবন্ধু পুরস্কার ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০১৪` লাভ করেন।

  •  
  •  
  •  
  •