কেবি হাই স্কুলে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত
বাকৃবি প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কেবি হাই স্কুলের শ্রেণিকক্ষের সিলিং ফ্যান চলন্ত অবস্থায় খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে।
জানা যায়, স্কুলের জি-২ (গার্ল-২) নামক শ্রেণিকক্ষে এই ঘটনা ঘটে। ১১জুলাই, ২০২৩ শিক্ষার্থীদের ক্লাসে অবস্থানের সময় ফ্যানটি চলন্ত অবস্থায় সিলিং থেকে খুলে পড়ে যায়। এসময় ফ্যানের নিচে অবস্থানকারী এক শিক্ষার্থী মাথায় আঘাত প্রাপ্ত হয়।
আহত ওই শিক্ষার্থীর নাম মালিহা। সে ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। মালিহার অভিভাবকের সাথে যোগাযোগ করে জানা যায় ,সেদিন ফ্যানটি পড়ে মালিহার মাথার একপাশে আঘাত করে এবং সে গুরুতর ভাবে আহত হয়। মালিহাকে পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। মালিহার মাথার ব্যাথা এখনো সারেনি বলে জানায় তার অভিভাবক।
তবে এ ঘটনায় কেবি হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ রায়হান উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুর্ঘটনায় কোন শিক্ষার্থী গুরুতর ভাবে আহত হয়নি। পরবর্তীতে যাতে এরকম কোন দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

