এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই: ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান
নিউজ ডেস্ক:
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
তিনি বলেন, এইচএসসি পরীক্ষার সিলেবাস ও রুটিন অনেক আগেই প্রকাশ করা হয়েছে। তাই প্রস্তুতি নিতে কারও কোনো সমস্যা হওয়ার কথা নয়। পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে। পেছানোর বা সিলেবাস সংশোধনের কোনো সুযোগ নেই।
এদিকে, পরীক্ষা পেছানোর দাবিতে গতকাল থেকে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। চার দাবিতে এ বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে, পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয় এবং পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেওয়া।
এর আগে, সোমবার (৭ আগস্ট) এইচএসসি পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা ।

