একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু

নিউজ ডেস্ক:

২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন আজ (বৃহস্পতিবার) ১০ আগস্ট সকাল থেকে শুরু হয়েছে। প্রথমধাপে ২০ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। গত বছরের মতো এবারও একাদশ শ্রেণিতে ভর্তিতে তিন ধাপে আবেদন গ্রহণ করা হবে।

আগামী ৫ সেপ্টেম্বর প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। সর্বশেষ তৃতীয় ধাপে শিক্ষার্থীদের ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হবে। ফলাফল ও মাইগ্রেশন শেষ হওয়ার পর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। আর একাদশে ক্লাস শুরু হতে পারে ৮ অক্টোবর থেকে।

পুরো আবেদন চলাকালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমীর ছুটির জন্য অনলাইন সার্ভিস ও কল সেন্টার এবং আবেদন প্রক্রিয়া বন্ধ থাকবে। গত বছরের মতো এবারও আবেদন ফি ১৫০ টাকা করা হয়েছে। পাশাপাশি রেজিস্ট্রেশন ফি করা হয়েছে ৩৩৫ টাকা। শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।

নির্বাচিত শিক্ষার্থীকে ৩৩৫ টাকা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। আগে প্রাথমিক নিশ্চায়ন ফি ছিল মোট ৩২৮ টাকা। তবে আগে ১৩৫ টাকা থাকা রেজিস্ট্রেশন ফি ৭ টাকা বাড়িয়ে ১৪২ টাকা করায় বেড়েছে মোট ফি।

  •  
  •  
  •  
  •