‘১৬ বছরে ১০ বার মেডিকেলের প্রশ্ন ফাঁস’

নিউজ ডেস্ক:

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস করা একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চক্রটি গত ১৬ বছরে অন্তত ১০ বার মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে।

রোববার (১৩ আগস্ট) সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, গত ৩০ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও বরিশালে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার টিম।

সিআইডি প্রধান বলেন, পাবলিক পরীক্ষা সামনে আসলেই একশ্রেণির চক্র বেশ সক্রিয় হয়ে উঠে প্রশ্নফাঁস করার জন্য। এই চক্রটি নানা কায়দায় প্রশ্নফাঁস যেমন করে, তেমনি গুজব ছড়িয়ে পরিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্তও করে। শিক্ষাখাতের ক্যানসার হিসেবে বিবেচিত এসব প্রশ্নপত্র ফাঁস চক্রকে নির্মূল করতে কাজ করছে।

সিআইডির প্রধান মোহাম্মদ আলী বলেন, ২০২০ সালের একটি মামলার তদন্ত করতে গিয়ে প্রশ্নফাঁস চক্রটির অন্তত ৮০ জন সক্রিয় সদস্যের তথ্য পাওয়া যায়। তারা ২০০১ থেকে ২০১৭ সালের মধ্যে ১৬ বছরে অন্তত ১০ বার প্রশ্নফাঁস করেছেন। গ্রেপ্তার ১২ জনের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।

  •  
  •  
  •  
  •