রাবিতে শুরু হচ্ছে ‘জালালের গল্প’ প্রদর্শনী
আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামীকাল সোমবার থেকে তিন দিনব্যাপী ‘জালালের গল্প’ প্রদর্শনী শুরু হবে। আবু শাহেদ ইমন পরিচালিত এ চলচ্চিত্রটি প্রদর্শনীর আয়োজন করেছে পূর্ণদৈর্ঘ্য ফিল্ম অর্গানাইজেশন।
সংগঠনটির প্রচার সম্পাদক মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পূর্ণদৈর্ঘ্য ফিল্ম অর্গানইজেশনের প্রচার সম্পাদক মইনুল ইসলাম বলেন, সোম, মঙ্গল ও বুধবার দুপুর আড়াইটা, বিকেল ৫টা ও সন্ধ্যা সোয়া ৭টায় চলচ্চিত্রটি বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দেখানো হবে। তিনি আরো বলেন, ‘আমরা ২০১৪ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেছি। বর্তমানে আমাদের দেশে অনেক ভালো চলচ্চিত্র তৈরি হচ্ছে। কিন্তু এ চলচ্চিত্রগুলো বাহিরের দেশে ভালো সমাদর পেলেও বাংলাদেশে কদর পাচ্ছে না। আমরা এ ধরনের চলচ্চিত্রগুলো দেখানোর চেষ্টা করি।’
চলচ্চিত্রটি প্রধান অভিনেতা আরাফাত রহমান বলেন, ‘জালালের গল্প’ চলচ্চিত্রটি তিন বয়সের গল্প নিয়ে নির্মিত হয়েছে। মূলত এই তিন বয়সে বাংলাদেশের তিন ধরনের সামাজিক পরিস্থিতি ও পরিপার্শি¦কতার গল্প এতে উঠে এসেছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।
ফরিদুর রেজা সাগরের প্রযোজনায় এবং বরকত হোসেন পলাশের সিনেমাটোগ্রাফিতে চলচ্চিত্র ‘জালালের গল্প’ ২০১৪ সালের ৫ অক্টোবর মুক্তি পায়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম, মৌসুমী হামিদ, মোহাম্মদ ইমন, আরাফাত রহমান, ফজলুল হক প্রমুখ।
চলচ্চিত্রটি ৮৮তম অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছিল। ২০১৪ সালের অক্টোবরে ১৯তম বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা ফান্ড অর্জন করে। উৎসবটির মূল প্রতিযোগিতা ‘নিউ কারেন্টস’ বিভাগে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে বিশ্ব প্রিমিয়ার হয়। ২০১৫ সালে পর্তুগালে অনুষ্ঠিত ১৯তম আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়। এতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন মোশাররফ করিম। এছাড়া ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ভারতের রাজস্থানে অনুষ্ঠিত সপ্তম জয়পুর চলচ্চিত্র উৎসবে আবু শাহেদ ইমন সেরা নবাগত নির্মাতার পুরস্কার লাভ করেন।

