গুচ্ছ ভর্তি পরীক্ষা: ১৯ বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু ৫ মার্চ
নিউজ ডেস্ক:
দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান—তিনটি বিষয়বস্তুর ওপর পরীক্ষা নেওয়া হবে। যা উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির ভিত্তিতে প্রণীত প্রশ্নপত্রের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার আবেদন ৫ মার্চ (বুধবার) দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ১৫ মার্চ (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়সীমা শেষে আবেদন করার সুযোগ থাকবে না। আবেদন ফি ১,৫০০ টাকা, যা অনলাইনে পরিশোধ করতে হবে। আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষায় অংশ নিতে হলে অতিরিক্ত ৫০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের পদ্ধতি ও বিস্তারিত নির্দেশনা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ পাওয়া যাবে। পরীক্ষার জন্য প্রার্থীরা তালিকা থেকে একটি কেন্দ্র বেছে নিতে পারবেন, যা চূড়ান্ত হিসেবে গণ্য হবে। আবেদন শেষ হওয়ার পর কেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।

