বাকৃবির ৬৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ৬৫ তম প্রতিষ্ঠা দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের “প্রতিষ্ঠা দিবস-২০২৫ উদযাপন কমিটি” বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

 

সোমবার (১৮ আগস্ট) দিবসটি পালিত হয়। সকালে সূর্যোদয়ের সাথে বিশ্ববিদ্যালয়ের অফিস ও আবাসিক হলসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯.৩০ টায় প্রশাসন ভবন সংলগ্ন হেলিপ্যাডে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কবুতর অবমুক্তকরণ ও বেলুনের সঙ্গে প্লেকার্ড উড়িয়ে আনন্দ র‌্যালীর উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। র‌্যালীতে শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। র‌্যালী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হেলিপ্যাডে এসে শেষ হয় এবং সেখানে গাছের চারা রোপণ করা হয়।

পরবর্তীতে ঈশা খাঁ হল সংলগ্ন লেকে মাৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করা হয়। সকাল ১০.৩০ টায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে “গৌরবের ৬৪ বছর: অর্জন ও সম্ভাবনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস-২০২৫ উদযাপন কমিটির আহবায়ক ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জি.এম. মুজিবর রহমানের সভাপতিত্বে এবং প্রক্টর অধ্যাপক ড. মো: আব্দুল আলীম এর সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক (অব:) ড. মঈনুদ্দীন আহমদ, অধ্যাপক ড. মো: বাহানুর রহমান এবং ট্রেজারার (অব:) মো: রাকিব উদ্দিন।

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে বলেন, “১৯৬১ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় আজ ৬৫তম প্রতিষ্ঠা দিবসে উপনীত হয়েছে। আমাদের সুনাম যেন বৃদ্ধি পায়, এজন্য সকলকে পরিশ্রম, নিয়মানুবর্তিতা ও ধৈর্যের মাধ্যমে লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে। শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণে আমরা আরও মনোনিবেশ করব এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”

 

দিবসটি পালন উপলক্ষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদ ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত এবং আবাসিক হলসমূহে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আসিফ/এসবি

  •  
  •  
  •  
  •