বাকৃবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা আদায়

বাকৃবি প্রতিনিধি: 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই শিক্ষার্থীকে ক্যাম্পাসে জিম্মি করে প্রায় ২০ হাজার টাকা চাঁদা আদায় করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত ৮টার দিকে ওই বিশ্ববিদ্যালয়ের ডেইরী ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশফাক ইসতিয়াক শুভ বান্ধবীকে সন্ধ্যার দিকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডেইরী ফার্ম এলাকায় ঘুরতে যায়। পরে রাত ৮টার দিকে প্রায় ৬-৭ জন দুর্বৃত্ত তাদের আটক করে। এসময় তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। তাদেরকে প্রায় চার ঘন্টা আটকে রেখে বিভিন্ন জায়গায় জোরপূর্বক ফোন দিতে বাধ্য করে। এভাবে বিকাশ ও তার কাছে থাকা ক্রেডিট কার্ড থেকে প্রায় ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। রাত ১২ টার দিকে ছাড়া পেয়ে হলে ফিরে আসে তারা। পরে শুভ ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিরাপত্তা কর্মীদের জানায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন বলেন, বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবে।

  •  
  •  
  •  
  •  

Tags: