কুবির বাস হেল্পারকে মারলেন কুসিক মেয়র!
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী পরিবহন বাস শহরে প্রবেশের কারনে বাসের ড্রাইভার এবং হেল্পারকে মারধর করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু।
বুধবার রাতে কুমিল্লা শহরে টাউন হলের সামনে এঘটনা ঘটে। এসময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ড্রাইভারদের গালাগাল করেন বলেও অভিযোগ প্ওায়া যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবহন বাসগুলো শিক্ষার্থীদের নামিয়ে ক্যাম্পাসে ফেরার পথে কুসিক মেয়র সাক্কু শহরের টাউন হলের সামনে দুটি বাসের গতিরোধ করেন। এসময় তিনি বাসের হেল্পার শিপন এবং জাকিরকে শার্টের কলার চেপে বাস থেকে নামিয়ে মারধর করেন এবং বিশ্ববিদ্যালয়ের কোন বাস শহরে প্রবেশ করতে পারবে না বলেও হুমকি দেন।
জানা যায়, মেয়র সাক্কু ড্রাইভার মালেক এবং আতাউরকেও গালাগাল করেন। এদিকে কুসিক মেয়রের এমন আচরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থীরা জানান, বিশ্বদ্যিালয়ের বাস শহরে প্রবেশ না করলে শিক্ষার্থীরা কিভাবে যাতায়াত করবে? এটা মেয়রের মত দায়িত্বশীল ব্যাক্তির দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলে মনে করেন তারা । হরতালের আগে রাতে মেয়রের এমন কর্মকান্ডকে রাজনৈতিক প্রতিহিংসা বলেও মনে করছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা-ই এলাহি বলেন, মেয়রের এমন কান্ডে আমরা হতবাক। হেল্পারদের মারধর করাটা অন্যায়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এ ব্যাপারে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বিশ্ববিদ্যালয় পরিবহন কমিটির আহ্বায়ক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, মেয়রের মত এমন দায়িত্বশীল ব্যাক্তির এহেন আচরন অত্যন্ত দু:খজনক। তিনি এই বিষয়ে বাস হেল্পারদের সাথে ঝামেলায় না জড়িয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলতে পারতেন।
এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, শহরে বিশ্ববিদ্যালয়ের বাস প্রবেশ করলে যানজটের সৃষ্টি হয়। তাই আমি বাস প্রবেশে নিষেধ করেছি। আমি তাদের মারধর করিনি তবে গলা ধরে বাস থেকে নামিয়েছি, যেটা আমি আবেগী হয়ে করেছি। তার জন্য আমি দু:খ প্রকাশ করছি।

