একমির ঔষধ কারখানা পরিদর্শন করলো শেকৃবি শিক্ষার্থীরা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের একদল শিক্ষার্থী আজ (মঙ্গলবার) দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন। এসময় তারা একমি’র কারখানা ঘুরে দেখেন এবং একটি সেমিনারে অংশগ্রহণ করেন।

ফার্মাকোলজি এন্ড টক্সিকোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত এ সফরে অনুষদের ৫ম ও ৪র্থ বর্ষের মোট ৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকালে অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ মোফাজ্জল হোসাইনের নেতৃত্বে শিক্ষকদের একটি দল শিক্ষার্থীদের নিয়ে ধামরাইয়ে অবস্থিত একমি’র কারখানায় প্রবেশ করেন।

দুপুর পর্যন্ত কারখানা পরিদর্শন শেষে বিকালে একমি’র সম্মেলন কক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রাণী চিকিৎসায় ব্যবহার্য একমি’র সকল ঔষধ পরিচিতি তুলে ধরেন একমি’র কর্মকর্তারা। সেমিনার শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তাঁরা।

৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ শফিকুর রহমান বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে তত্ত্বীয় জ্ঞান অর্জন করি। এই সফরের মাধ্যমে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পেরেছি। পেশাগত জীবনের জন্য যা খুবই উপকারি। ভবিষ্যতে এমন আরও সফর হবে- এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

  •  
  •  
  •  
  •  

Tags: