রাবি শিক্ষক হত্যা: গ্রেফতার শিবির নেতার মৃত্যু
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার শিবির নেতা হাফিজুর রহমানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রক্ত স্বল্পতাজনিত সমস্যায় গত মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মত্যুর পর তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালের মর্গে রাখা হয়েছে। দুপুরের মধ্যে ময়নাতদন্ত করে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সুপার শফিকুল ইসলাম সবুজবাংলাদেশ২৪.কমকে বলেন, শিবির নেতা হাফিজুর রহমান আগে থেকেই রক্ত স্বল্পতা রোগে আক্রান্ত ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত ১৭ মে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়। এর পর থেকে তিনি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী নগরীর শালবাগান এলাকার বাসার মাত্র ১০০ গজ দূরে রাবি শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিনে বিকেল ৪টার দিকে নিহত শিক্ষকের ছেলে সৌরভ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই নগরীর ছোট বনগ্রাম এলাকার নিজ বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও শিবির নেতা হাফিজুর রহমানকে আটক করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।
ঘটনার পর দিন হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দেন শিক্ষার্থীরা। এছাড়া এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত ২৬ এপ্রিল ভোরে নিহত শিক্ষকের নিজ গ্রামের দরগামাড়িয়া জামে মসজিদের ইমাম রায়হান আলী (৩২) ও গোপালপুর মাদ্রাসার শিক্ষক মুনসুর রহমানকে (৪৮) আটক করে পুলিশ।

