বাকৃবিতে ‘সেলফ অ্যাসেসমেন্ট এক্সারসাইজ ফর দ্যা ডিভিএম প্রোগ্রাম’ শীর্ষক কর্মশালা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ কর্তৃক আয়োজিত ‘সেলফ অ্যাসেসমেন্ট এক্সারসাইজ ফর দ্যা ডিভিএম প্রোগ্রাম’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভেটেরিনারি অনুষদদের মেডিসিন কনফারেন্স রুমে ঐ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি ঐ কর্মশালায় ভেটেরিনারি অনুষদদের ডিন প্রফেসর ড. মো. আব্দুস সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল এর পরিচালক প্রফেসর ড. মো. ছোলায়মান আলী ফকির, মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম এবং কর্মশালার সঞ্চালনা করেন প্রফেসর ড. মো. মোশারফ উদ্দীন ভূঞা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, আমি আশা করছি শিক্ষার গুনগত মানোন্নয়নে আজকের কর্মশালা কার্যকর ভূমিকা রাখবে। শিক্ষার মান আন্তর্জাতিক মানদন্ডে ধরে রাখতে হবে তবেই ঐতিহ্যবাহী এ বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন থাকবে। শিক্ষক হিসেবে শিক্ষার মানের দিকে আমাদের সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের স্বার্থে আমাদের পর্যায়ক্রমে কোর্স কারিকুলাম আধুনিকায়নে কাজ করতে হবে। তিনি বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ ধরনের প্রকল্পে সহযোগিতার জন্য।
পরে টেকনিক্যাল সেশনে বিষয়ের উপর অনুষদীয় শিক্ষকগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহণ করেন।

