পরিবেশ বিপর্যয় অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত করছে- ড. এ আতিক

আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
‘পরিবেশ বাঁচাতে বিভিন্ন দেশকে এক সাথে কাজ করতে হবে। তেল, গ্যাস, পানি সব শেষ হয়ে যাবে তারপরে পদক্ষেপ নিবো, এ চিন্তা করলে হবে না। তাই পরিবেশকে বাঁচাতে দ্রুত সকল দেশকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। পরিবেশের বিপর্যয় অর্থনৈতিক ও ধারণযোগ্য উন্নয়নকে ব্যাহত করছে। গ্রীনহাউজ গ্যাস নির্গমনে তৈরিকৃত প্রযুক্তির বাস্তবায়ন করতে হবে।’

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত ‘এনভায়রোনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইস্যু’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক ড. এ আতিক রহমান। এসময় তিনি বাংলাদেশ ও বিশ্বের প্রেক্ষাপটে পরিবেশ সমস্যা, বাংলাদেশে আক্রমণ্যতা এবং জলাবায়ু পরিবর্তন ও উন্নয়নের মধ্যে সংযোগ নিয়ে বিস্তর আলোচনা করেন।

মূলপ্রবন্ধের ওপরে আলোচনা করেন বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব বায়েলোজিক্যাল সায়েন্সেস’র পরিচালক অধ্যাপক মনজুর হোসেন, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক আবুল কালাম আজাদ ও ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক এম মিজানুর রহমান।

পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ। পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এস এম শফিউজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের অধ্যাপক গোলাম মোস্তফা।

এর আগে বেলা ১১টার দিকে ‘বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’ স্লোগানে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট চত্বরে বৃক্ষ রোপণের মাধ্যমে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ (রাবিসাস) তিনটি সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপন করা হয়। এরপর একটি শোভাযাত্রা বের হয়ে সিনেট ভবনে এসে সেমিনারে মিলিত হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: