পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ৩৩৯০ কোটি টাকা বাজেট অনুমোদন
নিজস্ব প্রতিবেদক:
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০১৬-১৭ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য ৩ হাজার ৩৯০ কোটি ৬৯ লাখ টাকা বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বৃহস্পতিবার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে কমিশনের ১৪৪তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়। ইউজিসি সচিব ড. মো. খালেদ সভা পরিচালনা করেন।
পাশাপাশি সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ২ হাজার ৮২৬ কোটি ৭৪ লাখ টাকা বাজেট অনুমোদন করা হয়।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০১৬-১৭ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য মূল বাজেটে ৩৫ কোটি ৫ লাখ টাকা এবং ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ৩২ কোটি ২৫ লাখ টাকা বাজেট অনুমোদন করা হয়।
অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সদস্য (আর্থ-সামাজিক অবকাঠামো) আবদুল মান্নান, ইউজিসির সকল সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

