বাকৃবির শাহজালাল হলে চুরি নিয়ে হল প্রশাসনের নাটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক শাহজালাল হলের এইচ ব্লকের ২৪০ নম্বর রুম থেকে প্রায় ৫৫ হাজার টাকার মালামাল চুরি গিয়েছে গত ১৭ই মে। সেই ঘটনা নিয়ে হল প্রশাসন নাটকীয়তার সৃষ্টি করছে। এমনটি জানালেন ভুক্তভুগী শিক্ষার্থীরা।

জানা যায়, গত ১৭ই মে, মঙ্গলবার দিবাগত রাতে শাহজালাল হলের ২৪০ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে এ চুরির ঘটনাটি ঘটে। পশুপালন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহরাব হোসেন কাজল ও মো.আব্দুল ওয়াহাব এবং ভেটেরিনারি অনুষদের তৃতীয় বর্ষের মো. হারুনুর রশিদ হীরা ঐ রুমের আবাসিক শিক্ষার্থী।

শিক্ষার্থীরা অভিযোগ এনে বলেন, চুরির ঘটনা সম্পর্কে হল প্রশাসনকে জানানো হলে তারা হলের ঐ চুরি যাওয়া রুম পরিদর্শন করে এবং ঘটনা তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন করে। কমিটির সদস্যরা হলেন হাউজ টিউটর ড. জামিল উদ্দিন, ড. এ.এইচ. এম সাইফুল ইসলাম এবং জনাব দেবাশিষ সরকার দেব। তিন কর্ম দিবসের মধ্যে তদন্তের রিপোর্ট দেওয়ার কথা থাকলেও আজ ২৩ দিন অতিবাহিত হওয়ার পরও কোন রিপোর্ট দেওয়া হয় নি।

তারা আরও বলেন, এখন এই বিষয় নিয়ে কথা বলতে গেলে হাউজ টিউটরসহ প্রশাসনের কর্তৃপক্ষরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ঐ হলের হাউজ টিউটর ড. জামিল উদ্দিন বলেন, তদন্তের কাজ তদন্তের গতিতে চলছে। তদন্তের কাজ সম্পূর্ণ হলে রিপোর্ট প্রদান করা হবে। এর বেশি কিছু বলতে চাই না।

হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাদিকুল ইসলামকে ফোন করে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে আমি তেমন কিছু জানিনা। তদন্ত কমিটি ভাল বলতে পারবে। তবে আগামী সপ্তাহে রিপোর্টের কাজ সম্পূর্ণ করার জন্য কমিটির সদস্যদের তাগিদ দেব।

  •  
  •  
  •  
  •  

Tags: