শেকৃবিতে জৈবপ্রযুক্তি ও পীড়ন ব্যবস্থপনা গবেষণাগার উদ্বোধন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) উদ্যানতত্ত্ব জৈবপ্রযুক্তি এবং পীড়ন (প্রতিকূল পরিবেশ) ব্যবস্থপনা গবেষণাগার উদ্বোধন করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে এ কেন্দ্রের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা।
উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হুমাযূন কবিরের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চ শিক্ষা মান উন্নয়ন প্রকল্পের (হেকেপ) আওতায় বিশ্বব্যাংকের অর্থয়ানে এ গবেষণাগার তৈরি করা হয়েছে। এছাড়াও উদ্যানতত্ত্ব মাঠে গাছের প্রতিকূল পরিবেশ ব্যবস্থপনার জন্য মাঠ গবেষণাগারও তৈরি করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এফ এম জামাল উদ্দিনের সভাপতিত্বে শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া, কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. মো. হয়রত আলী, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিস এর ডীন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস, কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, শেকৃবি গবেষণা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ প্রমুখ উপস্থিত ছিলেন।
ড. মো. হুমাযূন কবির মানবকণ্ঠকে বলেন, জলবায়ু পরিবর্তনে পরিবেশের নানা ক্ষতি সাধিত হচ্ছে। এ প্রতিকূল পরিবেশে টিকে থাকতে উপযোগী জাত উদ্ভাবন করতে হবে। সেই লক্ষ থেকেই এ গবেষণাগার দুটি তৈরি করা হয়েছে।

