রাবির ‘ই’ ইউনিটের ওয়েবসাইট ভোগান্তি
রাবি সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ই’ (সামাজিক বিজ্ঞান অনুষদ) ইউনিটের ফল প্রকাশ করার পরে হঠাৎ করেই ওয়েবসাইট থেকে ফল আর দেখা যাচ্ছে না। ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) ঢুকলে ‘ই’ ইউনিটের নিচে লেখা আছে ‘The Result is Under Scrutiny’। এতে করে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে ভোগান্তিতে পড়েছেন।
‘ই’ ইউনিট ভর্তি পরীক্ষায় বিজোড় থেকে ১৪৯ তম হয়েছেন মুন্নি আক্তার। তিনি জানান, আমি ওয়েবসাইট থেকে ই ইউনিটে আমার পছন্দের বিষয় নির্ধারণসহ কোনো ফলই দেখতে পাচ্ছি না। একই কথা জানান এই ইউনিটে বিজোড় থেকে ১১৮তম হওয়া শিক্ষার্থী মো. বিল্লাল হোসেন।
এছাড়া ভর্তিচ্ছু বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, ই ইউনিটে ভর্তি নিয়ে আমরা কোনো সুনির্দিষ্ট তথ্য পাচ্ছি না। এতে করে এই ইউনিটের ভর্তিচ্ছুরা উদ্বেগ প্রকাশ করছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. নীলুফার সুলতানা বলেন, আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে। যার কারণে ওয়েবসাইট থেকে ‘ই’ ইউনিটের ফল দেখা ও বিষয় পছন্দের কার্যক্রম করা যাচ্ছে না।’
তবে কী কারণে এটা হয়েছে বা কবে এই সমস্যা সমাধান হবে সেই বিষয়ে তিনি জানাতে পারেননি।
‘এটা একটা টেকনিক্যাল প্রবলেম’ উল্লেখ করে কম্পিউটার সেন্টারের প্রশাসক প্রফেসর খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘আমরা এটা ঠিক করার চেষ্টা করছি। সম্ভব হলেই আজকেই ঠিক করে দিবো।’

