একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক:
একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য মনোনীতদের প্রথম মেধা তালিকা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট উত্তীর্ণ শিক্ষার্থী ছিল ১৪ লাখ ৫৫ হাজার ৩৬৫ জন। এর মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছিল ১৩ লাখ এক হাজার ৯৯ জন। উত্তীর্ণ হয়েও আবেদন করেনি এক লাখ ৫৪ হাজার ৩৬৬ জন শিক্ষার্থী। এবার মোট ভর্তিযোগ্য কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নয় হাজার ৮৫টি। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠানে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী আবেদন করেনি।
শিক্ষামন্ত্রী বলেন, এবারে বোর্ড অনুমোদিত আসন সংখ্যা ২১ লাখ ১৪ হাজার ২৫৬টি। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে আট লাখের বেশি আসন খালি থাকবে। আসন সংকটের কারণে ভর্তি হতে পারবে না, এমন ছাত্রছাত্রী এবার খুঁজে পাওয়া যাবে না।
নুরুল ইসলাম নাহিদ জানান, মোবাইল নম্বরে খুদেবার্তার মাধ্যমে ভর্তির ফল জানতে পারবে শিক্ষার্থীরা। এ ছাড়া একাদশে ভর্তির ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) ফল পাওয়া যাবে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৮ থেকে ২২ জুনের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে। তবে অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিতদের ভর্তি ২৫ জুন থেকে ২৭ জুন পর্যন্ত হবে। বিলম্ব ফিসহ ভর্তি হওয়া যাবে ১০ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত। একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ১০ জুলাই থেকে।
চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন এবং এসএমএসে মোট ১৩ লাখ এক হাজার ৯৯ জন শিক্ষার্থী আবেদন করে। ৯ জুন আবেদনের শেষ দিন থাকলেও ১০ জুন পর্যন্ত তা বৃদ্ধি করা হয়।
অনলাইনে ৯ লাখ ৩৭ হাজার ৯৪৭ এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে ৪ লাখ ৫ হাজার ৮৬৮ আবেদন জমা পড়েছে। কিছু দ্বৈত আবেদনের কারণে মোট সংখ্যায় পার্থক্য রয়েছে।

