রাবিতে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ২০১৬-২০২০: স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাবির অর্থনীতি বিভাগ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির আয়োজনে শনিবার এ সেমিনারে ‘অধ্যাপক ড. মুর্শারফ হোসেন স্মারক বক্তৃতা’ অনুষ্ঠিত হয়।

স্মারক বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের প্রফেসর আবুল বারকাত ‘বাংলাদেশে কৃষি সংস্কারের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। সভাপতিত্ব করেন রাবি অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সনৎকুমার সাহা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দিনব্যাপী এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান। অনুষ্ঠানে সেমিনার প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন খান। বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি প্রফেসর আশরাফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাবি অর্থনীতি বিভাগের প্রফেসর মোহাম্মদ আলী ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সেমিনারে বক্তারা বলেন, কৃষি সংস্কার এর প্রকৃত অর্থ হলো কৃষিতে এমন ধরনের কাঠামোগত রূপান্তর যার ফলে উৎপাদিকা শক্তির বিকাশ ত্বরান্বয়নে কৃষির উৎপাদন সম্পর্ক পরিবর্তিত হয়। কৃষি সংস্কারের অনুষঙ্গ হলো ভূমি সংস্কারসহ ভূমি মালিকানার পরিবর্তন, অনুপস্থিত জমি-জলা মালিকানা ব্যবস্থার সুরাহা, উদ্বৃত্ত জমি-জলা দরিদ্র-প্রান্তিক কৃষিজীবী-জলাজীবীদের মধ্যে বণ্টন, সংশ্লিষ্ট আইন-কানুনের পরিবর্তন ইত্যাদি। ভূমি-কষি-জলা সংস্কার একটি রাজনৈতিক বিষয়। এ সংস্কারে আর্থ-রাজনৈতিক কাঠামোর প্রসঙ্গটি নিয়ামক ভূমিকা পালন করে। কারণ বিষয়টি আসলে উন্নয়ন প্রক্রিয়ায় প্রান্তিক বঞ্চিতদের নিরন্তরভাবে অন্তর্ভুক্তিকেন্দ্রীক।

কৃষি সংস্কারের সমগ্র বিষয়টি মুক্তি ও স্বাধীনতা চেতনায় সিক্ত সুদৃঢ় এক রাজনৈতিক অঙ্গীকারের বিষয়। বিষয়টি যেহেতু জ্ঞানভিত্তিক লড়াই-সংগ্রামের, সেহেতু কৃষি সংস্কার সংশ্লিষ্ট উন্নয়ন নীতি-কৌশল বিষয়ে দেশজ জ্ঞানতত্ত্ব বিনির্মাণ প্রক্রিয়া অব্যাহত রাখা জরুরি। ‘

অর্থনীতি বিভাগের শিক্ষক রাবেয়া বাসরী ও যিনাতুল ইসলাম সেমিনার উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সেমিনার উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় ‘অধ্যাপক ড. মুর্শারফ হোসেন স্মারক বক্তৃতা’। এই সেমিনারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও পেশাজীবী সংস্থা থেকে শিক্ষক, অর্থনীতি ও পরিকল্পনাবিদ, গবেষক, শিক্ষার্থীসহ বাংলাদেশ অর্থনীতি সমিতির কর্মকর্তাগণ অংশ নেন।

  •  
  •  
  •  
  •  

Tags: