বাকৃবিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ জুলাই) সকাল ১০টায় র‌্যালি এবং সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দেওয়ার প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে একটি র‌্যালি করা হয়। র‌্যালিটি সকাল ১০টায় হ্যালিপ্যাড থেকে শুরু হয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ছাত্র-শিক্ষকরাই সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করবে এবং অভিভাবকদের সচেতন থাকতে হবে, খেয়াল রাখতে হবে যেন তাদের সন্তানরা বিপথে চলে না যায়।

BAU Anti Terrorism Rally Pic2

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, আমাদের সবার মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে। নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। তাহলেই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারব।

সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভার ভিডিও দেখতে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে আজকের এ অনুষ্ঠানই শেষ নয় এরকম আরো সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তাহলে এ বিশ্ববিদ্যালয়ে কখনোই জঙ্গি তৎপরতা মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে আশা প্রকাশ করেন উপাচার্য।

অনুষ্ঠানের প্রধান আলোচক ঢাকার সোবহানবাগ জামে মসজিদের খতিব শাহ মো. ওয়ালিউল্লাহ বলেন, ইসলাম শান্তির ধর্ম। সন্ত্রাস-জঙ্গিবাদ কিংবা কোনো প্রকারের গুপ্তহত্যা ইসলাম সমর্থন করে না। যারা ইসলামের নামে এসব কাজ করে তারা সত্যিকার মুসলমান নয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি এবং ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভার ভিডিও দেখুন:

  •  
  •  
  •  
  •  

Tags: