‘হাউসফুল ৪’ এ অক্ষয় কুমারের সঙ্গে ব্রেট লি!
বিনোদন ডেস্ক:
ক্রিকেট ছেড়ে বলিউডে নতুন ইনিংস শুরু করেছেন ব্রেট লি। অস্ট্রেলিয়ান এই ক্রিকেট তারকার প্রথম ছবি ‘আনইনিডয়ান’ মুক্তি পেয়েছে গেল বছরই। অবশ্য তার বলিউড যাত্রা শুরু হয়েছিল আরো আগে, আশা ভোঁসলের সঙ্গে একটি মিউজিক অ্যালবামে। এরপর ‘আনইনডিয়ানই’ প্রথম অভিনয় বলা যায়।
এবার আরো বড় পরিসরে। ‘মি. খিলাড়ি’ অক্ষয় কুমারের সঙ্গেও স্ক্রিন শেয়ার করতে পারেন। সবকিছু ঠিকঠাক থাকলে ‘হাউসফুল ৪’-এ অভিনয় করবেন সাবেক এই অজি পেসার।
শোনা যাচ্ছে, ‘আনইনিডয়ান’ ছবির পরিচালক অনুপম শর্মা এবং প্রযোজক সাজিদ নাদিদওয়ালা নাকি ইতোমধ্যেই প্রজেক্টটা নিয়ে ব্রেট লি-র সঙ্গে দেখা করেছেন। লি অবশ্য এখনই বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ। তিনি শুধু বললেন, ‘আমি জানি না।’
ইন্ডাস্ট্রিতে লি-র সবচেয়ে পছন্দ শাহরুখ খান এবং প্রীতি জিনতা। তার কথায়, ‘শাহরুখ আর প্রীতিকে আমার দারুণ লাগে। শাহরুখ তো বলিউডে বেশ কিছু ভাল কাজ করেছে। সব জায়গায় সেগুলোর খুব প্রশংসা করি আমি।’

