১০৫ প্রেক্ষাগৃহে শুভ-জলির ‘নিয়তি’

বিনোদন ডেস্ক:
ঢাকার ‌‘স্টার সিনেপ্লেক্স’ হয়ে কুলিয়ার চরের ‘রাজ’ পর্যন্ত মোট ১০৫টি প্রেক্ষাগৃহে আজ (১২ আগস্ট) মুক্তি পেয়েছে শুভ-জলির আলোচিত ছবি ‌‘নিয়তি’।

জাকির হোসেন রাজু পরিচালিত জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজিত এই ছবিটি গত ১০ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পেলেও বাংলাদেশে আজই।

ছবির প্রচারণা নিয়ে গেল ১০ দিন আরিফিন শুভ ও জলি ছিলেন ভীষণ ব্যস্ত। সব শুটিং বন্ধ করে দিন-রাত ছুটেছেন সব স্তরের প্রচার মাধ্যমে। ‘নিয়তি’ কেন দর্শক দেখবেন? জবাবে শুভ-জলি জুটির সমস্বর, ‘‘এটুকু নিশ্চয়তা দিচ্ছি ‘নিয়তি’র গল্পটা একদম আলাদা, একেবারে নতুন কিছু। আমাদের এখানে মূলত গল্পতেই আসল গলদটা থেকে যায়। সে জন্যই এবার এমন আত্মবিশ্বাস- এই ছবিটি যেই দেখবেন অন্যদেরও দেখতে বলবেন তিনি। এতটুকু আগাম বলে রাখছি।’’

শুভ জানান, আজ শুক্রবার রাজধানীর কয়েকটি প্রেক্ষাগৃহে গিয়ে তিনি দর্শকের সঙ্গে ছবিটি দেখার চেষ্টা করবেন। আর রাতের জাহাজে তিনি উড়াল দিচ্ছেন ব্যাংককে। সেখানে টানা তিনদিন জাকির হোসেন রাজুর ‘প্রেমী ও প্রেমী’র গানের শুটিং শেষে দেশে ফিরবেন। ফিরেই ‘নিয়তি’র প্রচারণায় ঢাকার বাইরে ছুটবেন।

  •  
  •  
  •  
  •  

Tags: