এবার লাক্সের শুভেচ্ছাদূত হলেন মিম
বিনোদন ডেস্ক:
সফলতার সঙ্গে নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয় করছেন দুই পর্দার আলোচিত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি এবার ইউনিলিভারের পণ্য লাক্সের শুভেচ্ছাদূত হয়েছেন। এ বিষয়ে সম্প্রতি এক বছরের জন্য লাক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই লাক্স তারকা।
এ বিষয়ে মিম বলেন, ‘আমি এখন গাজীপুরে। প্রথমবার লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। বেশ ভালো লাগছে। নতুন এই বিজ্ঞাপনের থিমটিও ভালো লেগেছে আমার। জলে থাকা পদ্ম ফুলকে নিয়ে স্টোরিটা তৈরি হয়েছে। এটি পরিচালনা করছেন সাবরিনা আইরিন। আরও চার-পাঁচটি বিজ্ঞাপন সামনে নির্মাণ হবে। সব কটিতেই মডেল হিসেবে কাজ করব আমি। এর পাশাপাশি সারা দেশের বিলবোর্ডেও শোভা পাবে তার ছবি।’
২০০৭ সালে লাক্স সুপারস্টার নির্বাচিত হন মিম। এরপর থেকে লাক্সের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিলেও পণ্যটির কোনো বিজ্ঞাপনে মডেল হওয়ার সুযোগ হয়নি। শুভেচ্ছাদূত হওয়ার মধ্য দিয়ে এই পণ্যের মডেল হওয়ারও সুযোগ হলো তাঁর। এ নিয়ে দারুণ রোমাঞ্চিত এ জনপ্রিয় অভিনেত্রী। যদিও এর আগে শাকিলা জাফর, সুবর্ণা মুস্তাফা, আফসানা মিমি, বিপাশা হায়াত, মেহ্জাবিনসহ আরও অনেকেই ইউনিলিভারের পণ্য লাক্সের শুভেচ্ছাদূত হয়েছেন।
এদিকে বিজ্ঞাপন ও বিলবোর্ডের কাজ শেষ করেই অস্ট্রেলিয়া যাচ্ছেন মিম। পরিবারসহ অবকাশ যাপনের জন্যই তার এই ভ্রমণ। তবে কাজ শেষ করেই তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবেন। মিম বর্তমানে বেশ কিছু ছবিতে কাজ করছেন। এর মধ্যে রয়েছে অনন্য মামুনের পরিচালনায় ‘আমি তোমার হতে চাই’ এবং তারেক শিকদার পরিচালিত ‘দাগ’। দুটি ছবিতেই তার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী। এছাড়া মিমের অভিনয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে তানিয়া আহমেদ পরিচালিত ছবি ‘আকাশে বাতাসে রটিয়ে দিলাম’। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

