ফের একসঙ্গে সালমান-ঐশ্বরিয়া!
বিনোদন ডেস্ক:
নব্বই দশকের শেষের দিকে কোনো এক গ্রীষ্মের দুপুরে সে সময়কার বলিউডের সুদর্শন দুই তারকা প্রেমে পড়েন পরিচালক সঞ্জয়লীলা বানশালির ‘হাম দে দিল চুকে সানাম’ ছবির সেটে। তারপর থেকে তারাই বি-টাউনের সবচেয়ে আলোচিত প্রেম যুগল।
সময়ের স্রোতে সেই সম্পর্ক ভেসে গেছে বটে’ ফুরিয়ে যায়নি আবেদন। এখনো চায়ের কাপে ঝড় ওঠে সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমালাপে।
সালমানের অতিরিক্ত জোর-জবরদস্তি আর অসাদচারণের ফলে মাত্র দু বছর পরই সম্পর্কের ইতি টানতে বাধ্য হয়েছিলেন ঐশ্বরিয়া। তারপর থেকে রুপালি পর্দা তো দূরের কথা কোনো অনুষ্ঠানেও আর একসাথে দেখা যায়নি সালমান-ঐশ্বরিয়াকে।
তবে দীর্ঘদিনের শীতল সম্পর্কের বরফ গলতে চলেছে এই দুই তারকার। জানা গেছে, ঐশ্বরিয়া নিজেই চাইছেন সালমানের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক করতে। সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন ছবি ‘আয়ে দিল হ্যায় মুশকিল’ ছবির সংবাদ সম্মেলনে ঐশ্বরিয়া জানান, সালমান খানের সঙ্গে আবারো কাজ করতে আগ্রহী তিনি। তবে তার জন্যে রয়েছে কেবল একটি মাত্র শর্ত। আর সে শর্তটি হলো এই তারকা জুটিকে একই ফ্রেমে আনতে হলে লাগবে হৃদয় ছোঁয়া গল্প। আর পরিচালককে হতে হবে নির্মাণের মুন্সিয়ানায় সিদ্ধহস্ত।
ঐশ্বরিয়ার নিজ থেকে এমন প্রস্তাব দেয়ায় রীতিমত অবাক হয়েছেন তার ভক্তরা। তবে এ সম্পর্কে এখনো নিজের অভিমত জানাননি সালমান খান। ধারণা করা হচ্ছে পুরনো প্রেমিকার এমন আহ্বানে চুপ থাকতে পারবেন না তিনি। যতোই একে-তাকে নিয়ে প্রেমর গল্প হোক; সালমানের প্রেমের জীবনে ঐশ্বরিয়া চিরকালই মূখ্য চরিত্রের নায়িকা।

