ফেরদৌস-পূর্ণিমার প্রথম বিজ্ঞাপন জুটি
বিনোদন ডেস্ক:
ফেরদৌস ও পূর্ণিমা দু’জনই জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনয়শিল্পী। জুটি বেঁধে উপহার দিয়েছেন ব্যবসাসফল কয়েকটি ছবি। এ তালিকায় ‘বলো না ভালোবাসি’, ‘সন্তান যখন শত্রু’, ‘মধু পূর্ণিমা’, ‘দুর্ধর্ষ সম্রাট’ প্রভৃতি ছবি উল্লেখযোগ্য। দীর্ঘদিন ধরেই তাদের একসঙ্গে পাওয়া যায়নি। তাছাড়া এরআগে কখনো বিজ্ঞাপনেও জুটি হিসেবে দেখা যায়নি দারুণ জনপ্রিয় এই দুই অভিনয়শিল্পীকে। এবার দর্শকদের সেই অতৃপ্তি ঘুঁচতে যাচ্ছে।
নিমার্তা খিজির হায়াত খান এই দুই তারকাকে নিয়ে নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক একটি বিজ্ঞাপনচিত্র। সম্প্রতি এ বিজ্ঞাপনের শ্যুটিং শেষ হয়েছে ময়মনসিংহে। জাতীয় রাজস্ব বোর্ডের অর্থায়নে এ বিজ্ঞাপন চিত্রটি নির্মিত হয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক বিজ্ঞাপনের গল্পে ফেরদৌস ও পূর্ণিমা অভিনয় করেছেন দম্পতি চরিত্রে। বিজ্ঞাপনের সময়সীমা টেলিভিশনের জন্য থাকছে ৯০ সেকেন্ড আর অনলাইনের ক্ষেত্রে কিছুটা বেশি।
এ প্রসঙ্গে নির্মাতা খিজির হায়াত খান বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে সেই ২০০৭ সালের দিকে একটি বিজ্ঞাপন নির্মাণ করেছিলাম। দীর্ঘ বিরতি দিয়ে এবার আবারও করলাম। দেশ নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। সেই সুবাদে এই বিজ্ঞাপনটি আমার কাছে অনেক স্পেশাল।’
উল্লেখ্য, বর্তমানে ফেরদৌস নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করলেও পূর্ণিমা ছিলেন অনেকটাই আড়ালে। সেটা কয়েক বছর ধরে। তবে ইদানিং কিছু নাটকে দেখা যাচ্ছে তাকে। তাই একসময়ের জনপ্রিয় এ চলচ্চিত্র জুটির বিজ্ঞাপনটি বেশ সারা ফেলবে বলে আশা করছেন বিজ্ঞাপনের নির্মাতা ও অভিনয়শিল্পীরা। টিভি চ্যানেলগুলোতে শিগগিরই প্রচার শুরু হবে বিজ্ঞাপনটির।

