শ্যুটিংয়ের সময় আহত রজনীকান্ত
বিনোদন ডেস্ক:
‘রোবট’ ছবির সিক্যুয়েল ‘রোবট ২.০’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন ভারতের তামিল সুপারস্টার রজনীকান্ত। জানা গেল, এই ছবির শ্যুটিং করার সময় আহত হয়েছেন তুমুল জনপ্রিয় এ অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের সূত্র মতে, ডান পায়ের হাঁটুতে আঘাত পেয়েছেন তিনি।
গতকাল শনিবার রাত আটটা নাগাদ ইস্ট কোস্ট রোডে শ্যুটিং চলাকালে আহত হন ৬৫ বছরের এই প্রখ্যাত অভিনেতা৷ পরে শ্যুটিং ফ্লোর থেকেই তাকে সোজা বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকেরা জানিয়েছেন, ডান পায়ের হাঁটুতে সেলাইয়ের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে৷
জানা যায়, শ্যুটিংয়ের সময় অনেকটা উঁচু থেকে পড়ে গেলেও তার আঘাত খুব একটা গুরুতর নয়। আধঘণ্টা পরে প্রাথমিক শুশ্রুষার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। দক্ষিণ ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, এই দুর্ঘটনার বিষয়ে রজনীকান্তের টিম থেকে ব্যাপারিটি চেপে যাওয়া হয়েছে। তবে হাসপাতাল সূত্র থেকে বিষয়টি ফাঁস হয়। হাসপাতালেরই এক কর্মী খবরটি সংবাদমাধ্যমকে জানিয়ে দেন।
আগামী বছরেই মুক্তি পাওয়ার কথা ‘রোবট ২.০’ ছবিটি। আলোচিত ছবিটিতে রজনীকান্তের বিপরীতে নায়িকার ভূমিকায় রয়েছেন অ্যামি জ্যাকসন ও খল চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে।
সূত্র: এনডিটিভি

