এবারও মোস্ট ওভারপেইড অ্যাক্টর জনি ডেপ
বিনোদন ডেস্ক:
গতবছরের পর এবারও অতিরিক্ত পারিশ্রমিক পাওয়া অভিনেতা নির্বাচিত হয়েছেন মার্কিন অভিনেতা জনি ডেপ। সাফল্যের তুলনায় পারিশ্রমিকের ওজন বেশি হয়ে যাওয়ায় এ বছরও ফোর্বস ম্যাগাজিনের ‘মোস্ট ওভারপেইড অ্যাক্টর’ তালিকায় শীর্ষে স্থান করে নিলেন হলিউডের ‘পাইরেট’ তারকা।
জুনের আগ পর্যন্ত মুক্তি পাওয়া তিনটি গুরুত্বপূর্ণ ছবির মোট আয় ও তারকার পেছনে খরচ করা অর্থ হিসেব করে দেখা যায়, অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হয়েছে অভিনেতা জনি ডেপকে। ডেপের পেছনে খরচ করা প্রতি এক ডলারের বিনিময়ে প্রযোজককে দেওয়া হয়েছে ২ দশমিক ৮ ডলার।
হলিউডে একটি ছবি বানাতে গিয়ে শুধু ওই অভিনেতা-ই নয়, আরও অনেক ক্ষেত্রেই খরচ করতে হয় প্রযোজককে। তিনগুণের কাছাকাছি আয় করিয়ে দিলেও ডেপের পেছনে লগ্নি ‘ক্ষতি’ এনে দিয়েছে প্রযোজকদের।
এ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন উইল স্মিথ। প্রতি ডলার লগ্নির বিপরীতে ৬ ডলার আয় এনেছেন চ্যানিং ট্যাটাম। তার ছবি ‘ম্যাজিক মাইক’ মাত্র ১৫ মিলিয়নের বাজেটে ১২০ মিলিয়ন আয় করেছে।।
তবে বক্স অফিসে ধসের মুখে পড়েছে তার বড় বাজেটের দু’টি ছবি। দশজনের এ তালিকার একমাত্র নারী অভিনেত্রী জুলিয়া রবার্টস। তার অবস্থান নয়-এ। জর্জ ক্লুনি ও উইল ফেরেলও আছেন অতিরিক্ত পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

