পুত্র সন্তানের মা হলেন কারিনা কাপুর
বিনোদন ডেস্ক:
কারিনা কাপুর খান যখন সত্যিই সন্তান সম্ভবা হন, তখন থেকেই আলোচনার শিরোনামে ছিল অনাগত শিশুটি। কিন্তু এবার আর গুজবে নয়, সত্যিই জন্ম নিল কারিনার ছেলে। আজ সকাল ৭.৩০ মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভূমিষ্ঠ হয়েছে কারিনা ও সাইফ আলি খানের প্রথম সন্তান। হাসপাতাল সূত্রে খবর, মা ও ছেলে দু’জনেই এখন সুস্থ আছেন।
কারিনার বাবা রণধীর কাপুর খবরটি প্রকাশ করেছেন গণমাধ্যমে। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘আমরা খুব খুশি। সন্তান ভালো আছে। কারিনাও’। সূত্রের খবর, ডেলিভারির সময় সম্পূর্ণ কাপুর পরিবার কারিনার সঙ্গেই ছিল।
সাইফ এবং কারিনার একটি যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে সকালেই। সেখানে তারা জানিয়েছেন এই শুভ সংবাদ— আপনাদের সবার সঙ্গে এই আনন্দের খবরটি ভাগাভাগি করছি, আমাদের পুত্র ‘তৈমুর আলি খান পতৌদি’ আজ ২০ ডিসেম্বর, ২০১৬ তে পৃথিবীর মুখ দেখল। গত নয়টি মাস ধরে গণমাধ্যম আমাদের যে সমর্থন জুগিয়েছে তার জন্য ধন্যবাদ, আর সেইসঙ্গে ভক্ত এবং শুভানুধ্যায়ীদের ভালোবাসার জন্যও কৃতজ্ঞতা জানাচ্ছি। শুভ বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে। ভালোবাসা সমেত- সাইফ ও কারিনা।
তাছাড়া সন্তানসম্ভবা অবস্থায় কারিনা বলিউড সেলিব্রিটিদের মধ্যে একেবারেই একটি নতুন ট্রেন্ডের সূচনা করেন। আগে নায়িকারা এই রকম অবস্থায় নিজেদের ঘরবন্দি করে রাখতেন। কিন্তু কারিনা আন্তর্জাতিক ট্রেন্ড অনুসরণ করে অত্যন্ত সুন্দরভাবে নিজেকে মেলে ধরেছেন মানানসই ফ্যাশনে। তার জন্য শর্মিলা ঠাকুরের প্রশংসাও পেয়েছেন।
২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন সাইফ আলি খান ও কারিনা কাপুর। এ বছরের প্রথম দিকে কারিনার গর্ভবতী হওয়ার কথা সামনে আসে। সেই কারিনা এখন এক পুত্রসন্তানের জননী। সাইফ আলি খানের প্রথম স্ত্রী ছিলেন অমৃতা সিং। সেই সংসারে সাইফ দুই সন্তানের জনক। কারিনা ও সাইফের জীবনের এই নতুন অধ্যায়ে সকলের শুভকামনা।
সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস

