ইস্তান্বুলে জঙ্গি হামলায় বলিউড পরিচালক আবিস রিজভি নিহত

বিনোদন ডেস্ক:
তুরস্কের ইস্তান্বুলে গতকাল পহেলা জানুয়ারির নববর্ষ উদযাপন অনুষ্ঠানে জঙ্গি হামলা সংগঠিত হয়। সেদিন ভোররাতে নাইটক্লাবে জঙ্গি হামলায় অন্যান্যদের মধ্যে বলিউড চলচ্চিত্র পরিচালক আবিস রিজভি মারা গেছেন বলে জানা গেছে। ২০১৩ সালে মুক্তি পায় তার প্রযোজিত শেষ ছবি ‘রোর: টাইগার অব দ্য সুন্দরবনস’ ছবিটি। অভিনেতা রণদীপ হুদা থেকে জাভেদ জাফরিসহ অনেকেই রিজভির জন্য শোকপ্রকাশ করেছেন।

ইস্তান্বুলের অভিজাত রেইনা নাইটক্লাবে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সান্তা ক্লজের পোশাক পরা বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হল তুরস্কের নতুন বছরের ভোর। জঙ্গিদের গুলি-বোমা কয়েক মিনিটেই কেড়ে নেয় ৩৯টি প্রাণ। এ ঘটনায় আহত হন অন্তত ৭০ জন।

রবিবার ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইটারে জানান, নিহতদের মধ্যে দুই ভারতীয় রয়েছেন। তারা হলেন, প্রাক্তন সাংসদ-পুত্র আবিস রিজভি ও গুজরাতের বাসিন্দা খুশি শাহ। নিহতদের মধ্যে আরও ১৬ জন বিদেশি পর্যটককে চিহ্নিত করা গিয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী মনে করা হচ্ছে, এক জন আততায়ীই এই হামলা চালিয়েছে।

পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করতেন রিজভি। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে নববর্ষ উদযাপন করতে দিন কয়েক আগে তিনি ইস্তানবুল যান। শনিবার রাতে সেখানেই গুলিতে মারা গেলেন তিনি।

বড়দিন-নববর্ষ উপলক্ষে ইস্তান্বুল-সহ তুরস্কের বিভিন্ন জায়গায় সান্তা ক্লজের পোশাক পরা ১৭ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। একই রকম লাল-সাদা পোশাক আর মুখোশে ঢাকা আততায়ীকে দেখে প্রথমে সন্দেহ জাগেনি। অনেকেই ভেবেছিলেন বাজি পুড়ছে হয়তো। মুহূর্তেই কেউ কিছু বুঝে ওঠার আগেই ঝাঁকে ঝাঁকে ছুটে আসে গুলি। টানা দশ মিনিট গুলি চলার পর কয়েক মুহূর্তের পরেই ফের বোমা আর গুলির যৌথ হামলা। শনিবারের সেই রাতের বর্ণনা দিতে গিয়ে কেঁপে কেঁপে উঠছিলেন তুরস্কের বাসিন্দা ইউনিস তুর্ক।

সূত্র: হিন্দুস্তান টাইমস

  •  
  •  
  •  
  •  

Tags: