আসছে ‘শচীন: অ্যা বিলিয়ন ড্রিমস’
ডেস্ক নিউজ:
কিংবদন্তিদেরও কিংবদন্তি তিনি। ২২ গজ থেকে ব্যাট-প্যাড তুলে রেখেছেন কয়েক বছর আগে থেকেই। এবার শচীন টেন্ডুলকার ভক্তরা তাকে নিয়ে নির্মিত সিনেমা ‘শচীন: অ্যা বিলিয়ন ড্রিমস’ দেখতে পাবেন পর্দায়। লিটল মাষ্টারের জীবনী নিয়ে সিনেমাটি মুক্তি পাচ্ছে এ বছরের ২৬ মে।
বেশ কয়েকমাস আগে থেকেই শচীন ভক্তদের বহুল কাঙ্ক্ষিত প্রশ্ন ছিল কবে মুক্তি পাচ্ছে ‘শচীন: অ্যা বিলিয়ন ড্রিমস’। সোমবার জবাবটা টুইটারে নিজেই দিয়েছেন শচীন। সিনেমাটির পোস্টার দিয়ে টুইট করেছেন তিনি, ‘সবাই যে প্রশ্ন করে আসছিলেন তার উত্তর এখানে। আপনার ক্যালেন্ডারে তারিখটি দাগ দিয়ে রাখুন। শচীন দ্য ফিল্ম মুক্তি পাচ্ছে ২৬.০৫.১৭।’
‘শচীন: অ্যা বিলিয়ন ড্রিমস’ সিনেমার পোস্টার প্রকাশিত হয়েছিল ২০১৬ সালের এপ্রিলে। এরপর থেকেই সিনেমাটি মুক্তির দিনক্ষণ জানার অপেক্ষায় ছিলেন টেন্ডুলকার ভক্তরা। সিনেমাটি পরিচালনা করেছেন জেমস এরসকিন। সিনেমায় ব্যবহার করা হয়েছে টেন্ডুলকারের খেলোয়াড়ী জীবনের ফুটেজ। সিনেমাটির সঙ্গীত করেছেন অস্কার জয়ী এ আর রহমান।
পাকিস্তানের বিপক্ষে ১৯৮৯ সালে করাচিতে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয়েছিল টেন্ডুলকারের। ভারতীয় কিংবদন্তি ২০১৩ সালে অবসরের আগে করেন ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরি। নামের পাশে যোগ করেছেন অসংখ্য রেকর্ড। তার জীবনী নিয়েই তৈরি হয়েছে ‘শচীন: অ্যা বিলিয়ন ড্রিমস’।
শচীনের আগেও ভারতীয় ক্রিকেটারদের নিয়ে নির্মিত হয়েছে একাধিক সিনেমা। যে তালিকায় রয়েছেন সাবেক দুই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও মোহাম্মদ আজহারউদ্দিন।

