৩৫ বছরে পা রাখলেন অনুপম রায়
বিনোদন ডেস্ক:
৩৫ বছরে পা রাখলেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী অনুপম রায়। অনুপম রায় জন্মগ্রহণ করেন ১৯৮২ সালের ২৯ মার্চ। তিনি তার প্রাথমিক শিক্ষার ১০ বছর পার করেন কলকাতার সেন্ট. পালস ব্রডিং অ্যান্ড ডে স্কুলে। কলেজ জীবন পার করেছেন বেহালার এমপি বিরলা ফাউন্ডেশন থেকে।
অনুপম রায় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনেকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে গোল্ড মেডেল অর্জন করেন। কলকাতায় ২০০৪ সালের জুলাই থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত এনালগ সার্কিট ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন।
‘অটোগ্রাফ’ ছবি দিয়ে শুরু হলেও ‘চলো পাল্টাই’ ছবির ‘বাড়িয়ে দাও তোমার হাত’ গানটি তাকে তুমুল জনপ্রিয় করে তোলে। এরপর তিনি ‘বাইশে শ্রাবণ’ চলচ্চিত্রের গান পরিচালনা করেন। এই চলচ্চিত্রের প্রত্যেকটি গান সুপারহিট হয়। বিশেষ করে রূপঙ্কর বাগচি ও শ্রেয়া ঘোষালের গাওয়া ‘গভীরে যাও’ বছরের সেরা গান নির্বাচিত হয়। তবে জুড়িদের ভোটে সেরা গান নির্বাচিত হয় অনুপমের নিজের গাওয়া ‘একবার বল’। তাছাড়া রূপম ইসলামের এই শ্রাবণ ও সপ্তর্ষী মুখোপাধ্যায়ের ‘যে কটা দিন’ দারুণ জনপ্রিয়তা লাভ করে।
‘চতুষ্কোণ’ ছবিতে ‘বসন্ত এসে গেছে’ গানটি দিয়ে তিনি বাজিমাত করে দেন। এই গানটি বসন্তের গান হিসেবে দুই বাংলাতেই জনপ্রিয়। এছাড়াও অনুপম ‘জানি দেখা হবে’, ‘বেডরুম’, ‘ল্যাপটপ’, ‘চোরাবালি (বাংলাদেশ)’, ‘শুন্য অঙ্ক’, ‘সাহেব বিবি গোলাম’, ‘ওয়ান লাইনার’, ‘মিশর রহস্য’সহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন।

