ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসামে জলের গান
বিনোদন ডেস্ক:
আসামে বাংলা ভাষার জন্য আত্মদানকারীদের স্মরণে গান পরিবেশন করছে বাংলাদেশের জনপ্রিয় দল জলের গান। শিলচরে শনিবার সন্ধ্যায় শ্রোতারা তাদের গান উপভোগ করবেন।
এ বছর বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক প্রতিনিধিদল আসামের ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে অংশ নিচ্ছে। জলের গান ছাড়াও উদীচীর শিল্পীরা অংশ নেবে। বৃহস্পতিবার রাতে ভারতে রওয়ানা হয় জলের গান।
১৯৬১ সালে আসামের শিলচরে মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সংগ্রাম শুরু করে। ১৯ মে বরাক উপত্যকায় ১১ জন তরুণ বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছিল। ১৯৫২ সালে পূর্ব বাংলার ভাষা আন্দোলনের মাত্র ৯ বছর পর আসামের বাঙালি জনগোষ্ঠী অসমীয়া ভাষার পাশাপাশি বাংলার সরকারি স্বীকৃতি দাবি করে ভাষা আন্দোলন শুরু করে।
দীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ী লড়াইয়ের পর ১৯৭২ সালে বাংলা ভাষা আসামের অন্যতম সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়। এই ত্যাগকে স্মরণ করে আসামের শিলচরের ‘ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি’ আয়োজিত অনুষ্ঠানে অংশ নিচ্ছে বাংলাদেশের জলের গান ও উদীচী। জলের গান দেশে ফিরবে রোববার।

