সরিয়ে নেওয়া হলো বিতর্কিত ‘আল্লাহ মেহেরবান’ গান
পরিবর্তন প্রতিবেদক:
আল্লাহর পবিত্র নামকে জঘন্যভাবে চিত্রায়িত হয়েছে উল্লেখ করে জাজ মাল্টিমিডিয়াকে ‘আল্লাহ মেহেরবান’ গানটি তিনদিনের মধ্যে ইউটিউব থেকে সরিয়ে ফেলতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। তার দুইদিনের মাথায় গানটি জাজের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হলো।
এর মধ্যে আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খানের রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো নোটিশে বলা হয়, ২৭ মে ইসলামী গান মনে করে আমার মক্কেল (মো. আজিজুল বাশার) ইউটিউবে ‘আল্লাহ মেহেরবান’ গানটি খুঁজে পান। কিন্তু তিনি দেখতে পান গানটি ‘বস টু’ নামক চলচ্চিত্রের আইটেম সং। এ গানটিতে আল্লাহর পবিত্র নামকে এত জঘন্যভাবে চিত্রায়িত হয়েছে যা বলার অপেক্ষা রাখে না।
শুক্রবার সন্ধ্যায় ‘আল্লাহ মেহেরবান’ নামের আইটেম গানটি প্রকাশ হয় ইউটিউবে। ধর্মীয় আবহে গানটির কথা লেখা হলেও সুর, নাচ ও ফারিয়ার পোশাকে দেখা গেছে তার উল্টোটি। এমনটি ঢালিউডে আগে কখনোই দেখা যায়নি। এছাড়া সানি লিওন ও ক্যাটরিনা কাইফের নাচের স্টেপ নকলের অভিযোগও উঠেছে।
গানটি প্রকাশের পর থকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে নেতিবাচক মন্তব্যে ছেয়ে গেছে। অনেকেই সিনেমাটি বয়কটের ডাকও দিয়েছেন। ওই সময় পুরো বিষয়টিকে সিনেমার প্রচারণায় ইতিবাচক দিক হিসেবেই দেখেছিলেন ফারিয়া। তার মতে, সমালোচিত হওয়া মানে আলোচিত হওয়া।
তবে, গানটি সরানো নিয়ে মুখ খুলেনি জাজ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বর্তমানে জার্মানি রয়েছেন। দেশত্যাগের আগে তিনি বলেছিলেন, বিষয়টি আইনিভাবে মোকাবেলা করবেন।
প্রাঞ্জলের কথায় ‘আল্লাহ মেহেরবান’-এর সুর ও সঙ্গীত করেছেন জিৎ গাঙ্গুলি। কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ ও জনিতা গান্ধী।
‘বস টু’ ঈদুল ফিতরে বাংলাদেশ ও ভারতে মুক্তি পাবে। পরিচালনা করেছেন বাবা যাদব। আরো অভিনয় করেছেন জিৎ, শুভশ্রী গাঙ্গুলি, ইন্দ্রনীল সেনগুপ্ত ও অমিত হাসান। প্রযোজনা করেছেন ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার গ্রাসরুট এন্টারটেইনমেন্ট।

