বাদাবনের দস্যুরাণী মৌসুমী হামিদ

বিনোদন প্রতিবেদক:
এবার দস্যুরাণীর চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে। টেলিফিল্মের নাম ‘বাদাবন’। পরিচালনা করেছেন সুমন আনোয়ার।

সম্প্রতি টেলিভিশনের নন্দিত এ নির্মাতা টেলিফিল্মটির প্রোমো প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দস্যুরাণীর ভীতিকর অবতারে দেখা যায় ছোট ও বড়পর্দার নায়িকা মৌসুমী হামিদকে।
তার পরনে লাল শাড়ি, খাকি রঙের শার্ট, এক নলা বন্দুক, বেল্ট ভর্তি গুলি, কোমরে পিস্তল ও পায়ে বুট জুতা। খুনোখুনিতেও পটু তিনি। তেমন কয়েকটি দৃশ্য দেখা যায় প্রোমোতে।

মাস খানেক আগে ‘বাদাবন’-এর শুটিং হয়েছে পুরান ঢাকা, গাজীপুরের কালিয়াকৈর, সিলেটের লাউয়াছড়াসহ বেশ কিছু লোকেশনে।

‘বাদাবন’ পরিচালনার পাশাপাশি রচনা করেছেন সুমন আনোয়ার। আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, আফরান নিশো, উজ্জ্বল মাহমুদ, হিন্দোল রায়, সানজিদা তন্ময় ও কামরুল তিহান। চিত্রগ্রহণে ছিলেন হৃদয় সরকার।

কয়েক বছর ধরে প্রতি ঈদেই ভিন্ন ধরনের নির্মাণ নিয়ে উপস্থিত হচ্ছেন সুমন আনোয়ার। এর মধ্যে রয়েছে রাতারগুল, কালাগুল, গুলবাহার ও কমলা সুন্দরী শিরোনামের টেলিফিল্ম। এবার নির্মিত হলো ‘বাদাবন’।

ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় ‘বাদাবন’ প্রচার হবে বাংলাভিশনে। এছাড়া তিনটি চ্যানেলে প্রচার হবে সুমন আনোয়ার পরিচালিত ‘আয়নাবাজি অরিজিনাল’ সিরিজের নাটক ‘রাতুল বনাম রাতুল’।

এদিকে ‘কয়লা’ নামের একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে সুমনের। এর নায়িকাও মৌসুমী হামিদ।

  •  
  •  
  •  
  •  

Tags: