আসছে হৃদয়-মিলার ‘বেয়াড়া প্রেম’
বিনোদন প্রতিবেদক:
হৃদয় খান আর মিলার বন্ধুত্ব অনেক দিনের। মজার বিষয় হলো, একই মঞ্চে গান করলেও এক গানে তাদের শোনা যায়নি আগে। এবার তা-ই হতে যাচ্ছে।
গানটির শিরোনাম ‘বেয়াড়া প্রেম’, আর তৈরি হয়েছে ‘মনে রেখো’ ছবির জন্য। কথা লিখেছেন এসএ হক অলীক, সুর ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান।
‘মনে রেখো’ পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন মাহি ও বনি সেনগুপ্ত। ঈদের পর গানটির দৃশ্যায়ন হবে।
এ প্রসঙ্গে হৃদয় খান জানান, রোববার রাতে গানটি তৈরি করেছেন। এর আগে ২০০৮ সালে মিলার সলো অ্যালবামের জন্য একটি গান তৈরি করেছিলেন হৃদয় খান, শিরোনাম ‘ফিরে আয়’। কিন্তু গানটি শ্রোতাদের কাছে পৌঁছেনি। অবশেষে ‘বেয়াড়া প্রেম’-এ হতে যাচ্ছে তাদের দ্বৈতগানের সূচনা।

