ইউটিউবে বিশ্বরেকর্ড গড়ল সালমান-ক্যাটরিনার ‘সোয়াগ সে স্বাগত’

বিনোদন ডেস্ক:
‘সোয়াগ সে স্বাগত’ গানের দৃশ্যে সালমান খান ও ক্যাটরিনা কাইফবলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মুগ্ধকর রসায়নে আগুন ধরে গেছে ইউটিউবে! তাদের নতুন ছবির গান ‘সোয়াগ সে স্বাগত’ প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশিবার দেখা ভিডিওর রেকর্ড গড়েছে। এটি আলি আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির প্রথম গান।

প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের সংগীত বিভাগের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ২১ নভেম্বর প্রকাশিত হয় গানটি। প্রথম দিনে ১ কোটি ১২ লাখ ৩৫ হাজার ৬২৪ বার দেখা হয়েছে এর ভিডিও। আর এতে লাইক পড়েছে ৩ লাখ ৩৫ হাজার ৪৮৭টি।

বলিউড তো বটেই, এর আগে চলতি বছর বিশ্বের আর কোনও গান প্রথম ২৪ ঘণ্টায় এতবার দেখা হয়নি। ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও লুই ফনসি ও ড্যাডি ইয়াঙ্কির ‘দেসপাসিতো’ গত জানুয়ারিতে ২৪ ঘণ্টায় ৭২ লাখ ৬৩ হাজার ১৭৯ বার ভিউ পেয়েছিল।

মার্কিন গায়িকা ডেমি লোভেটোর সঙ্গে লুই ফনসির আরেক গান ‘এচেমে লা কুলপা’র প্রথম দিন ভিউ ছিল ৯৫ লাখ ৭ হাজার ৫৭৭ বার। সল্লু-ক্যাট টপকে গেছেন ব্রিটিশ তারকা এড শিরানকেও।

বুধবার (২২ নভেম্বর) রাতে যশরাজ ফিল্মস মিউজিক টুইটে লিখেছে, ‘২৪ ঘণ্টায় ইউটিউবে বিশ্বের সবচেয়ে বেশিবার দেখা ভিডিওর রেকর্ড গড়লো সোয়াগ সে স্বাগত।’

গানটি গেয়েছেন বিশাল দাড়লানি ও নেহা ভাসিন। এর কথা লিখেছেন ইরশাদ কামিল, সুর ও সংগীত পরিচালনায় বিশাল-শেখর। এ ভিডিওর শুটিং হয়েছে গ্রিসে। এতে সালমান-ক্যাটরিনার সঙ্গে নেচেছেন ১০০ জন নৃত্যশিল্পী।

স্পাই-থ্রিলারধর্মী ‘টাইগার জিন্দা হ্যায়’ হলো ২০১২ সালের রোজার ঈদে মুক্তি পাওয়া কবির খান পরিচালিত ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল। এটাই ছিল যশরাজ ফিল্মসের ব্যানারে সল্লুর প্রথম ছবি। বলিউডে সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্রের মধ্যে এটি অন্যতম।

দ্বিতীয় কিস্তিতে নতুন মিশনে যোগ দেবে ভারত ও পাকিস্তানের দুই গোয়েন্দা কর্মকর্তা টাইগার ও জয়া। এবারের কাহিনি সাজানো হয়েছে ২০১৫ সালে ইরাকে অপহৃত ভারতের ২৫ জন নার্সের জিম্মি হওয়ার সত্যি ঘটনা অবলম্বনে। ছবিটির ট্রেলারও সাড়া ফেলেছে ইউটিউব ও ফেসবুকে। ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর।

‘সোয়াগ সে স্বাগত’ গানের ভিডিও:

  •  
  •  
  •  
  •  

Tags: