বিশেষ অনুমতি পেতে সালমানের দ্বারস্থ কঙ্গনা!

নিউজ ডেস্ক:

বিতর্কের জন্য বিখ্যাত হলেও কঙ্গনা রানাউত বলিউডের অন্যতম মেধাবী অভিনেত্রী। বলিউড স্বজনপোষণ মন্তব্য থেকে শুরু করে হৃতিক রোশনের সঙ্গে প্রেম-বিচ্ছেদ নিয়ে পুরো বছর আলোচনায় ছিলেন এই নায়িকা। তবে এবার বিতর্কের কারণে নয়, অন্য খবর নিয়ে কঙ্গনা এলেন শিরোনামে। শোনা যাচ্ছে, একটি ব্যাপারে সাহায্য চেয়ে সালমান খানের দ্বারস্থ হয়েছেন কঙ্গনা।

গতবছর ‘সুলতান’ সিনেমায় অভিনয় করার জন্য কঙ্গনাকে প্রস্তাব দিয়েছিলেন সালমান। কিন্তু সালমানকে সসম্মানে ফিরিয়ে দিয়েছিলেন কঙ্গনা। এবার নিজেই সালমানের কাছে অনুমতি চাইতে এলেন। জানা গেছে, ‘মেন্টাল’ নাম পাওয়ার উদ্দেশ্যে সালমানের কাছে গিয়েছিলেন কঙ্গনা।

অনেকেই জানেন, সালমান খান অভিনীত ‘টিউবলাইট’ সিনেমার নাম প্রথমে ‘মেন্টাল’ রাখা হয়েছিল। পরে তা বদলে নাম রাখা হয় ‘টিউবলাইট’। কিন্তু ছবির নাম যেহেতু ‘মেন্টাল’ রেখেই শুটিং শুরু হয়েছিল, তাই নিয়ম মেনে ‘মেন্টাল’ নামটির স্বত্ব কিনেছিল সালমান খান ফিল্মস। আর এখন সেই মেন্টাল নামের প্রয়োজন পড়েছে কঙ্গনার। তার আগামী ছবির শিরোনামের জন্যই সেটা দরকার। আর তাই কঙ্গনা এখন ‘মেন্টাল’ নামের স্বত্ব পেতে পৌঁছেছেন সালমান খানের কাছে।

সূত্রের খবর, ‘শৈলেশ আর সিংয়ের আগামী ছবিতে কাজ করছেন কঙ্গনা। সেই ছবির নাম ‘মেন্টাল’ রাখতে চান নির্মাতারা। তাই শৈলেস ও কঙ্গনা দু’জনেই সালমানের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চান। এদিকে সালমান খান ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সালমান খান যদি চান তাহলে তারা মেন্টাল শব্দটি ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। অপরদিকে ঐতিহাসিক সিনেমা ‘মনিকর্নিকা’ নিয়ে ব্যস্ত আছেন কঙ্গনা। এই বছর তার দুটি সিনেমা ‘রেঙ্গুন’ ও ‘সিমরান’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর তাই আসন্ন সিনেমাটিই কঙ্গনার বর্তমান ভরসা।

  •  
  •  
  •  
  •