মনের মানুষ নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

নিউজ ডেস্ক:

গত কয়েক বছর ধরে হলিউডের প্রিয় মুখ প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন ধারাবাহিক ‘কোয়ান্টিকো’তে কাজ করতে গিয়ে একাধিক হলিউড সিনেমার প্রস্তাব পান বলিউডের এই নায়িকা। বর্তমানে দুটি আমেরিকান প্রজেক্টে ব্যস্ত তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা তার মনের মানুষ সম্পর্কে মন্তব্য করলেন।

কয়েকদিন আগে বলিউড নায়িকা আনুশকা শর্মা বিয়ে করেন বিরাট কোহলিকে। সেই প্রসঙ্গ টেনে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয়, তিনি কবে বিয়ে করছেন। নায়িকা হওয়ার সুবাদে প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমে হাবুডুব খাওয়ার লোক নেহায়েত কম থাকার কথা নয় বলে মনে করছেন অনেকে। কিন্তু উত্তরে প্রিয়াঙ্কা জানালেন, তিনি নাকি এখনও তার মনের মানুষ খুঁজে পাননি! এই বিষয়ে নায়িকা বলেন, ‘বিয়েটা পরিকল্পনা করে করার বিষয় নয়। যদি আমি আমার উপযুক্ত কাউকে খুঁজে পাই, তাহলে নিশ্চয়ই করব। তবে এখনও কাউকে খুঁজে পাইনি।’

সাফল্যের চূড়ায় পৌঁছেও এখনও তিনি নাকি একাই আছেন। এর আগে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘বিয়ে ভাগ্যের উপর নির্ভর করে থাকে। যখন হওয়ার তখন ঠিকই হয়ে যাবে।’ এই প্রসঙ্গে তার মা মধু চোপড়াকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, ‘আমি অনেকের বিয়ে ভেঙে যেতে দেখেছি। মানুষ একে অপরকে সময় দিতে পারছে না বলে সম্পর্কটাকে শেষ করে দিচ্ছে। প্রিয়াঙ্কার যখন মনে হবে যে ও নিজের সম্পর্ককে সময় দিতে পারবে, তখনই বিয়ে করবে। তবে বিয়ে করতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতাও নেই।’

  •  
  •  
  •  
  •