ডক্টরেট ডিগ্রি পেতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া
বিনোদন ডেস্ক:
বলিউড তো রয়েছেই, হলিউডের একাংশও তার দখলে। মার্কিন ধারাবাহিক ‘কোয়ান্টিকো’র পাশাপাশি কাজ করছেন হলিউড সিনেমায়। বিখ্যাত তারকা ডোয়াইন জনসনের সঙ্গে ‘বেওয়াচ’ সিনেমায় কাজ করার পর আরও দুটি হলিউড প্রজেক্ট হাতে নিয়েছেন তিনি। পাঠক নিশ্চয়ই বুঝতে পারছেন, কথা হচ্ছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। জানা গেল, তার সাফল্যের ঝুলিতে জুড়তে যাচ্ছে আরেকটি পালক। সাম্মানিক ডক্টরেট ডিগ্রি পেতে চলেছেন দেশি গার্ল।
কিছুদিন আগেই মাদার তেরেসা স্মৃতি পুরস্কারে ভূষিত হয়েছিলেন প্রিয়াঙ্কা। এবার ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন তিনি। বরেলি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকেই এই উপাধি দেওয়া হচ্ছে প্রিয়াঙ্কাকে। আজ ২৪ ডিসেম্বর তার হাতে এই সম্মানের প্রশংসাপত্র তুলে দেওয়া হবে। আর এই সুযোগেই প্রায় পাঁচ বছর পর তিনি ফিরেছেন নিজের বরেলির বাড়িতে। জানা গেছে, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চ্যান্সেলর ডা. কেশব কুমার এ আগরওয়াল-সহ একাধিক মন্ত্রী। সেখানে এই সম্মান গ্রহণ করবেন প্রিয়াঙ্কা।
দেশে এসেও ভীষণ ব্যস্ত নায়িকা। ইতোমধ্যেই জি সিনে অ্যাওয়ার্ডস-এ পারফর্ম করেছেন। এছাড়া ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর প্রিয়াঙ্কা। তাই যেখানেই যান ইনস্টিটিউশনের কিছু কাজে অংশ নিয়ে থাকেন। দেশে এসেও তার ব্যতিক্রম হয়নি। ছোট ছোট বাচ্চাদের সঙ্গেও দেখা করেছিলেন নায়িকা। সব কাজ শেষ করে আবারও আমেরিকায় উড়াল দেবেন প্রিয়াঙ্কা। সেখানে হাতে থাকা কাজ শেষ করবেন। এছাড়া বলিউডে রাকেশ শর্মার বায়োপিকে অভিনয় করার কথা রয়েছে তার।

