হাতে আর বেশি সময় নেই: ইরফান খান
বিনোদন ডেস্ক:
বিরল রোগ নিউরো এন্ড্রোক্রাইন ক্যান্সারে আক্রান্ত হলি-বলির মেধাবী অভিনেতা ইরফান খান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন লন্ডনে। তার অনুপস্থিতিতেই গতকাল মুক্তি পেল তার অভিনীত ‘কারওয়া’ সিনেমাটি। ঠিক তার আগেই এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা জানান বর্তমানে তিনি কেমন আছেন। জানালেন, তৃতীয় কেমোথেরাপির রিপোর্ট ইতিবাচক হয়েছে। কিন্তু মনের জোর কমে গেছে ইরফান খানের।
সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে ইরফান জানিয়েছেন, ‘আমার চতুর্থ কেমো চলছে। মোট ছয়টি কেমো দিতে হবে। এরপর একটা স্ক্যান হবে। থার্ড সার্কেলের পর স্ক্যান করা হয়েছিল। সেটা ইতিবাচক। কিন্তু এখনো আমাদের ষষ্ঠ স্ক্যান পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা আমাকে কোথায় নিয়ে যায় সেই অপেক্ষায় আছি। আমার মস্তিষ্ক সবসময় বলছে, আমার এই রোগ হয়েছে। আর কিছু মাস বা বছরের মধ্যেই আমি মরে যেতে পারি।’
ইরফান আরও জানান, উনি এখন কোনো ছবির কাজ নিয়ে ভাবছেন না। এমনকী চিত্রনাট্যও পড়ছেন না কোনো। তিনি বলেন, ‘আমার জীবন অনিশ্চিত। আমি ভাবতে পারি যে আমার সঙ্গে এটা হবে। কিন্তু আদৌ কি তা হচ্ছে? আমি আর কোনো পরিকল্পনা করছি না।’
জীবনের এই কঠোর বাস্তবের মুখোমুখি হওয়ার ফলে ইরফানের মধ্যে যে পরিবর্তন এসেছে তা কেবল শারীরিকই নয়, মানসিক ও আধ্যাত্মিকও। তিনি এমন কথাও বলেছেন যে, তিনি জীবনকে দেখছেন অন্যভাবে। তার মানসিক অবস্থা বর্তমানে এমনই হয়েছে যা হয়তো ৩০ বছর সাধনা করলেও হতো না।
সাক্ষাৎকারে হলিউড সিনেমা সম্পর্কে ইরফান বলেন, ‘আমি চেয়েছিলাম আমেরিকান সিনেমা, হলিউডে দীর্ঘ সময় থাকতে। আমি ঠিক পথে যাত্রাও করেছিলাম। হলিউডে একটা দুর্দান্ত চরিত্রের প্রস্তাব ছিল। চরিত্রটির প্রেমে পড়ে গিয়েছিলাম। বলিউডের কাজগুলিকে পিছিয়ে দিয়ে বলেছিলাম, আমি তাতে কাজ করব। কিন্তু ক্যান্সারের পর জীবনটাকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছি। একটি চেয়ারে বসে সামনে জীবনের অন্যদিকটা দেখার অভিজ্ঞতা অনবদ্য। একটি যাত্রার মধ্যে আছি।’
শারীরিক অবস্থা সম্পর্কে সংবাদমাধ্যমে ইরফান বলেন, ‘জীবন অনেকগুলো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। জীবন যেভাবে দেখাচ্ছে, সেভাবেই দেখছি। শারীরিক, মানসিক, আধ্যাত্মিক- সব দিক থেকে। প্রথমে খবরটা শুনে ভয় পেয়েছিলাম। কিন্তু ধীরে ধীরে অনুভব করলাম, অন্যভাবেও জীবনকে দেখা যায়। জীবনের প্রতিচ্ছবিটা সিনেমার মতো, দেখার আনন্দ প্রকাশ করা যায় না।’
বর্তমানে কীভাবে সময় কাটাচ্ছেন ইরফান? এর জবাবে ‘ডুব’ অভিনেতা বলেন, ‘সিনেমার চিত্রনাট্য পড়া ছেড়ে দিয়েছি। প্রতিটি দিন আমার জন্য অনিশ্চিত। এই অভিজ্ঞতাটি ঠিক বলে বোঝানো সম্ভব নয়। আমি ভাবতাম একটা সময়, আমার জীবনটা অনিশ্চিত হোক, গতিময়তায় কাটুক। কিন্তু কখনো উপলব্ধি করিনি। এখন করছি। কোনো পরিকল্পনা করি না। জীবন যে দিকে নিয়ে যায়, সে দিকেই যাচ্ছি। আসলে জীবনটা একটা রহস্য। কোনো কিছু পরিকল্পনা করে হয় না। স্রোতে এগিয়ে যাচ্ছি।’
ইরফান আরও বলেন, ‘জীবনের কোনো গ্যারান্টি নেই। আমার মন যেন সব সময় কানের কাছে ফিসফিস করে বলছে, তোমার এই রোগ হয়েছে। যে কোনো সময় মৃত্যু হবে। কিংবা মাঝে মাঝে এই চিন্তাটা উড়িয়ে দিয়ে জীবন যেমন আছে, সে ভাবেই উপভোগ করছি।’
সূত্র: এনডিটিভি

