পুলিশের দ্বারস্থ দেব
নিউজ ডেস্ক:
একের পর এক জটিলতায় পড়ছেন টলিউড অভিনেতা দেব। তার পরবর্তী সিনেমা ‘হইচই আনলিমিটেড’ নিয়েই যত জটিলতা। কিছুদিন আগে সিনেমাটির সংলাপ নিয়ে আপত্তি তুলেছিল ভারতীয় সেন্সর বোর্ড। এবার সিনেমাটি নকলের অভিযোগ নিয়ে হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমসহ টলিপাড়ায়। এরপরই কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন এই চিত্রনায়ক।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এক বিনোদন সাংবাদিক সিনেমাটির বিরুদ্ধে নকলের অভিযোগ এনে টুইট বার্তায় লিখেছেন: ‘‘হইচই আনলিমিটেড পাকিস্তানি ‘জাওয়ানি ফের নেহি আনি’ সিনেমার রিমেক।’’ দেবের বিরুদ্ধে ব্যাঙ্গাত্মক কিছু কথাও তিনি বার্তায় জুড়ে দেন। শুধু তাই নয়, এ পোস্টটি পাকিস্তানি প্রযোজনা সংস্থা এআরওয়াই-কে ট্যাগ করেন। এ ঘটনার পরই সরব হন দেব ভক্তরা। উইকিপিডিয়ার সম্পাদনা নিয়ে দেব অনুরাগীরা আঙুল তোলেন ওই সাংবাদিকের দিকেই। তাদের উল্টো অভিযোগ, এই কাজ ওই সাংবাদিকই করেছেন।
প্রতিবেদনে আরো জানানো হয়, এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে সাইবার ক্রাইম পুলিশের দ্বারস্থ হন টলিউড এই সুপারস্টার। এরপর সাইবার পুলিশ ওই সাংবাদিককে তলব করলে তিনি বলেন, ‘এ কাজ আমি করিনি। কারণ উইকিপিডিয়ায় এডিটিংয়ের জন্য অ্যাকাউন্ট থাকতে হয়। যা আমার নেই। তা ছাড়া যে কম্পিউটার থেকে এডিটিং করা হয়েছে, তার আইপি অ্যাড্রেস বিজয়ওয়াড়ার কোনো সার্ভারের নয়।’
এদিকে দেব দাবি করেছেন, ‘হইচই আনলিমিটেড’ সিনেমাটি পাকিস্তানি সিনেমার রিমেক নয়। তবে এমন গুঞ্জন কে চালাচ্ছে সেই ব্যক্তিকে খুঁজছেন সাইবার পুলিশ।’ অনিকেত চ্যাটার্জি পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন কৌশানী মুখার্জি, শাশ্বত চ্যাটার্জি, রজতাভ দত্ত, খরাজ মুখার্জি, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ। আগামী ১২ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

