ইত্যাদি খ্যাত কণ্ঠশিল্পী আকবর গুরুতর অসুস্থ

নিউজ ডেস্ক:

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ থেকে উঠে আসা কণ্ঠশিল্পী আকবর গুরুতর অসুস্থ। চিকিৎসার খরচ চালাতে না পেরে গত ১০ দিন ধরে তিনি বিছানায় পড়ে কাতরাচ্ছেন।

ইত্যাদিতে একটি গান গেয়ে তিনি সারাদেশে ব্যাপক পরিচিতি পান। রিকশাচালক তেকে হয়ে ওঠেন গায়ক আকবর।

তার স্ত্রী কানিজ ফাতিমা জানিয়েছেন, আকবর গুরুতর অসুস্থ। ঠিকমত কথাও বলতে পারছেন না। একটু আধটু বললেও তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে জড়িয়ে জড়িয়ে। গত শনিবার থেকে তার কোমর থেকে দুই পা পুরোপুরি অবশ। নড়াচড়া করতে পারছে না। বিছানায় পড়ে আছে। শরীরে পটাশিয়াম, ক্যালসিয়াম পুরোপুরি শূন্য হয়ে গেছে। কিডনিতে সমস্যা রয়েছে।

২০১৭ সালে একই সমস্যায় তাকে চিকিৎসা নিতে হয়েছিল। ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত নিজ উদ্যোগে তাকে ভারতে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।

এছাড়া চিকিৎসার জন্য নিজেরও অনেক টাকা খরচ করতে হয়েছে। জমিজমা যা কিনেছিলেন সবই বেচতে হয়েছে। এখন আর্থিক সংকটে ভুগছে তার পরিবার।

মিরপুরে ১৩ নম্বরে পরিবারসহ বাস করেন আকবর।

আকবর তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

খুলনায় জন্ম হলেও যশোরে বেড়ে ওঠেন আকবর। সেখানে রিকশা চালাতেন। বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন। বাগেরহাটের এক ব্যক্তি তার গান শুনে ইত্যাদিতে চিঠি লেখেন। তার প্রতিভা দেখে ইত্যাদিতে গান গাওয়ার সুযোগ করে দেন হানিফ সংকেত।

পরে ‘তোমার হাত পাখার বাতাসে’ শিরোনামের একটি গান বেশ জনপ্রিয়তা পায়। সেই থেকে তিনি বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়েই সংসার চালাচ্ছিলেন।

  •  
  •  
  •  
  •