বিয়ের পিঁড়িতে অসিন

বিনোদন ডেস্ক:
সিনেমার কোনো দৃশ্য নয়, আজ সত্যি সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড তারকা অসিন। আর বর! মাইক্রোম্যাক্সের সহপ্রতিষ্ঠাতা রাহুল শর্মা। নয়াদিল্লির একটি হোটেলে অনুষ্ঠিত হবে জমকালো এ বিয়ের আয়োজন। শুরুতেই থাকছে মেহেদি উত্সব, আর তার পরই বিয়ে। কি কি আয়োজন থাকছে অসিনের বিয়েতে?

জানা গেছে, একেবারেই ঘরোয়াভাবে সারা হবে পুরো বিয়ের আয়োজন। শুধু পরিবারের সদস্য এবং কাছের বন্ধুরাই এতে উপস্থিত থাকবেন, সব মিলিয়ে প্রায় আড়াইশ জনকে নিমন্ত্রণ করা হয়েছে। হিন্দু ও খ্রিস্টান দুই রীতিতেই হবে এ বিয়ের আয়োজন।

বলিউডের অন্য তারকাদের মতো নন অসিন। নিজের বিয়ে নিয়ে কোনো রকম রাখঢাক করেননি দক্ষিণী এ তারকা। বিয়ের মতো আনন্দের খবরটি কালবিলম্ব না করেই সবার সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন। এমনকি বিয়ের কার্ড নিয়েও কোনো লুকোচুরি দেখা যায়নি তার মধ্যে। সম্প্রতি ফেসবুকে পোস্ট করেছেন নিজের বিয়ের নিমন্ত্রণপত্রের একখানা ছবি। আর সেখানে দেখা যায়, সাদা চকচকে বিয়ের নিমন্ত্রণপত্রে স্বর্ণাক্ষরে লেখা হয়েছে বর আর কনের নাম। তারা দুজনে মিলেই নাকি পছন্দ করেছেন বিয়ের কার্ড। কার্ডের নকশা থেকে শুরু করে নিমন্ত্রণ-বাণী, পুরো দায়িত্বটা ভাগাভাগি করে নিয়েছেন দুজনেই।

প্রসঙ্গত, ‘গজনি’, ‘বোল বচ্চন’, ‘হাউজফুল টুু’ ছবির মতো বেশ কয়েকটি জনপ্রিয় ছবির তারকা অসিন। কিছুদিন আগে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬ কোটি রুপির এক আংটি পরিয়ে প্রেমিকার সঙ্গে বাগদানের কাজটি সারেন রাহুল। বিয়ের পর ২৩ জানুয়ারি মুম্বাইয়ে বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: