বিবাহ বিচ্ছেদের প্রায় চার বছর পর মুখোমুখি তাহসান-মিথিলা
বিনোদন ডেস্কঃ বিবাহ বিচ্ছেদের প্রায় চার বছর পর প্রথমবারের মতো একত্রে পর্দায় আসতে যাচ্ছেন অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
কিছুদিন ধরেই এই দুজনের ‘সারপ্রাইজ’ স্ট্যাটাস নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে ভক্তকুলের মধ্যে। অবশেষে সেই সারপ্রাইজের কারণ জানা গেল। দেশিয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি তাদের একটি শোতে এই দুই তারকাকে নিয়ে সামনাসামনি বসতে যাচ্ছেন।
‘স্যাটারডে নাইট সারপ্রাইজ’ শিরোনামে অনুষ্ঠানে শনিবার (১৫ মে) মুখোমুখি হবেন তাহসান ও মিথিলা। এটি সঞ্চালনা করবেন স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব।
ইভ্যালির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আরিফ আর হোসেন গণমাধ্যমে জানান, তাহসানের পর প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন মিথিলা। সেটি অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হবে।
এছাড়াও তিনি বলেন, ‘একটি এক্সক্লুসিভ শো হতে যাচ্ছে এটি। এখানে তাহসান ও মিথিলা তাদের জীবনের নানা অভিজ্ঞতা এবং সামনের পরিকল্পনা নিয়ে কথা বলবেন।’
উল্লেখ্য ২০১৭ সালের অক্টোবরে প্রায় ১১ বছরের সংসার জীবনের ইতি টানের তাহসান ও মিথিলা। সেসময় তাহসান ভক্তরা বেশ নেতিবাচকভাবেই এর প্রতিক্রিয়া দেখান। পরবর্তীতে ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজীত মুখার্জীকে বিয়ে করেন মিথিলা।

