কান উৎসবে ইতিহাস গড়লো বাংলাদেশি সিনেমা
বিনোদন ডেস্কঃ ইতিহাস গড়লেন বাংলাদেশের নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ। তার পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ স্থান পেয়েছে কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে। বাংলাদেশি কোনো ছবির এমন অর্জন এটাই প্রথম। ফলে এর পোস্টারে শোভা পাবে কানের সম্মানজনক লোগো।
বৃহস্পতিবার (৩ জুন) প্যারিসের ইউজিসি নর্ম্যান্ডি হলে কান উৎসবের ৭৪তম আসরে নির্বাচিত ছবির তালিকায় ‘রেহানা মরিয়ম নূর’ ছবির নাম ঘোষণা করা হয়। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্টে অভিবাদনে সিক্ত হন ছবিটির নির্মাতা, অভিনয়শিল্পীসহ সংশ্লিষ্টরা।
‘রেহানা মরিয়ম নূর’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। তিনি ও পরিচালক সাদ কান উৎসব আয়োজকদের ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনে সিক্ত হচ্ছেন।
আবদুল্লাহ মোহাম্মদ সাদের দ্বিতীয় ছবি ‘রেহানা মরিয়ম নূর’। এর চিত্রনাট্য ও সম্পাদনা তারই। প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই এর গল্প। রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক হিসেবে জটিল জীবনযাপন করে। এক সন্ধ্যায় কলেজ থেকে বেরোনোর সময় রেহানা একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয়।
এরপর থেকে সে এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঘটনার প্রতিবাদ জানাতে শুরু করেন এবং ক্রমে একরোখা হয়ে ওঠেন। কিন্তু একই সময়ে তার ৬ বছর বয়সী মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ ওঠে।
এমন অবস্থায় অনড় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায়বিচারের খোঁজ করতে থাকেন।
এ সিনেমায় আরও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াসির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।
প্রসঙ্গত, ২০০২ সালের ৫৫তম কান চলচ্চিত্র উৎসবের প্যারালাল বিভাগ ডিরেক্টর’স ফোর্টনাইটে নির্বাচিত হয় প্রয়াত নির্মাতা তারেক মাসুদের ‘মাটির ময়না’।

