মৃত্যু নিয়ে গুজব, ইত্যাদির ‘নাতি’ বললেন “জীবিত আছি”

nati

বিনোদন ডেস্কঃ বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র অভিনেতা শওকত আলী তালুকদার নিপুর হুট করেই মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। বিষয়টি নিয়ে বেশ বিব্রত হন নিপু। পরিচিত এক শুভাকাঙ্ক্ষীর ফেসবুক প্রোফাইলে ভিডিও পোস্ট করেন তিনি। নিজেই জানান, বেঁচে আছেন তিনি।

তিনি বলেন, ‘আমি আপনারদের প্রিয় নাতি। আমার ছোট ভাই পলাশের ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করছি। গতকাল কোনও একটি অনলাইন সংবাদপত্রে খবর প্রকাশ পেয়েছে, বাংলাদেশ চলচ্চিত্রের এক নাতি মারা গেছেন। তবে আমি ইত্যাদির নাতি, আপনাদের প্রিয় নাতি এখনো জীবিত আছি। সবাই দোয়া করবেন, যেন দীর্ঘদিন আপনাদের মাঝে থাকতে পারি।’

শুক্রবার (১১ জুন) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিপুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অনেকে তার ছবি পোস্ট করে মৃত্যুর গুজব ছাড়ায়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

অবশ্য এটা নতুন কিছু না, প্রায়ই প্রবীণ অভিনেতা ও অভিনেত্রীদের মৃত্যুর গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যায়।

উল্লেখ্য নিপুর গ্রামেরবাড়ি জামালপুর। থাকেন রাজধানীর উত্তরায়। ছোটবেলা থেকেই বিভিন্ন অঙ্গভঙ্গি করে পরিবার ও বন্ধুদের হাসাতেন।

হানিফ সংকেতের সঙ্গে তার পরিচয় হয় ১৯৯৩ সালে। রাজারবাগ পুলিশ লাইনের একটি অনুষ্ঠানে নিপুর পারফরমেন্স ভালো লাগে তার। তিনি তখন তাকে ইত্যাদিতে নাতির চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন। অন্য কাজ করলেও এই ভূমিকাতেই নিপু সর্বাধিক পরিচিত।

  •  
  •  
  •  
  •  

Tags: